24 C
Kolkata
Friday, May 29, 2026
spot_img

কালবৈশাখীর দাপট শুরু, বিকেল থেকে বদলাবে আবহাওয়া

Aaj India Desk,কলকাতা: টানা দুদিনের ঝড়বৃষ্টির পর অবশেষে দক্ষিণবঙ্গের মানুষ গরম থেকে কিছুটা স্বস্তি পেয়েছেন। কলকাতা-সহ অনেক জেলায় তাপমাত্রা কমেছে, ফলে আবহাওয়াও আগের তুলনায় অনেকটাই আরামদায়ক। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, শুক্রবারও এই স্বস্তির আবহাওয়া বজায় থাকবে।

আজ কলকাতা ও দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় আবার কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও জোর হাওয়া, বজ্রপাত এবং মাঝারি থেকে ভারী বৃষ্টিও হতে পারে। তবে উত্তরবঙ্গে আজ থেকে বৃষ্টির পরিমাণ অনেকটাই কমবে বলে জানিয়েছে হাওয়া অফিস।

আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস বলছে, শুক্রবার দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় কালবৈশাখীর প্রভাব সবচেয়ে বেশি অনুভূত হতে পারে। বিশেষ করে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম ও বাঁকুড়ায় প্রবল ঝড়বৃষ্টির আশঙ্কা রয়েছে। এই জেলাগুলিতে ঘণ্টায় ৬০ থেকে ৭০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে, সঙ্গে থাকবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি।

অন্যদিকে, বিকেলের পর থেকেই কলকাতা ও আশপাশের এলাকাতেও আবহাওয়ার বদল ঘটতে পারে। সেখানে ৫০-৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। খারাপ আবহাওয়ার জেরে সমুদ্রে যেতে আপাতত নিষেধ করা হয়েছে মৎস্যজীবীদের।

হাওয়া অফিস জানিয়েছে, সপ্তাহান্তেও দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির পরিস্থিতি পুরোপুরি কাটবে না। শনি ও রবিবার বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি এবং ৩০-৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার সম্ভাবনা থাকবে। তবে রবিবারের পর ধীরে ধীরে কমবে বৃষ্টির দাপট। তার পরেই ফের বাড়তে পারে গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তি। আগামী সপ্তাহের শুরুতেই তাপমাত্রা আবার ঊর্ধ্বমুখী হওয়ার ইঙ্গিত দিয়েছে আবহাওয়া দপ্তর।

এদিকে উত্তরবঙ্গে শুক্রবার থেকে বৃষ্টির তীব্রতা অনেকটাই কমবে। আজ দার্জিলিং, মালদা এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুরে হালকা ঝড়বৃষ্টির সম্ভাবনা থাকলেও, ভারী বৃষ্টির আর কোনও সতর্কতা নেই। শনিবার থেকে সেখানে আবহাওয়া আরও স্বাভাবিক হওয়ার সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন