Aaj India Desk, দক্ষিণ ২৪ পরগণা : ভাঙড়ের বিজয়গঞ্জ বাজারে বোমা বিস্ফোরণ মামলায় চাপ আরও বাড়ল ক্যানিং পূর্বের প্রাক্তন তৃণমূল বিধায়ক শওকত মোল্লার উপর। তাঁর বিরুদ্ধে বেআইনি কার্যকলাপ প্রতিরোধ আইন বা UAPA-র ধারা যুক্ত করার অনুমতি দিয়েছে এনআইএ-র বিশেষ আদালত। তদন্তকারী সংস্থার দাবি, ভোটের আগে এলাকায় অশান্তি তৈরির ষড়যন্ত্রের সঙ্গে শওকতের যোগ রয়েছে এবং বিস্ফোরণের ঘটনায় তিনিই মূল ষড়যন্ত্রকারী।
আদালতে NIA-র আবেদন
ভাঙড় বিস্ফোরণ মামলায় শওকত মোল্লার বিরুদ্ধে UAPA-র মতো কঠোর ধারা যুক্ত করার জন্য বিশেষ আদালতের দ্বারস্থ হয়েছিল এনআইএ। তদন্তকারী সংস্থার আবেদনে সায় দিয়ে ধারা সংযোজনের অনুমতি দিয়েছেন বিচারক। তদন্তকারীদের দাবি, মামলার তদন্তে এমন কিছু তথ্য ও নথি সামনে এসেছে, যার ভিত্তিতেই UAPA ধারা যুক্ত করার প্রয়োজন হয়েছে।
শওকতকে ‘মূল ষড়যন্ত্রকারী’ দাবি
এনআইএ-র রিপোর্ট অনুযায়ী, ভাঙড়ের বিজয়গঞ্জ বাজারে বিস্ফোরণের নেপথ্যে শওকত মোল্লার ভূমিকা রয়েছে। তদন্তকারী সংস্থার দাবি, অন্যদের দিয়ে বোমা তৈরির কাজ করানো থেকে শুরু করে ঘটনার পর প্রমাণ লোপাটের নির্দেশ দেওয়ার ক্ষেত্রেও তাঁর ভূমিকা ছিল।
উল্লেখ্য, এই বছর বিধানসভা নির্বাচনের আগে ভাঙড়ের বিজয়গঞ্জ বাজারে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণে ঘটনাস্থলেই এক জনের মৃত্যু হয় এবং বেশ কয়েকজন আহত হন। ঘটনার পর মামলাটির তদন্তভার রাজ্য পুলিশের কাছ থেকে নেয় এনআইএ। এখনও পর্যন্ত এই মামলায় চার জনকে গ্রেফতার করা হয়েছে। গত ৫ জুন গভীর রাতে কলকাতার চিংড়িঘাটা এলাকা থেকে চতুর্থ অভিযুক্ত শওকত মোল্লাকে গ্রেফতার করে এনআইএ।
এনআইএ-র দাবি, তদন্তের অগ্রগতির সঙ্গে সঙ্গে প্রাক্তন বিধায়কের ভূমিকা সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য সামনে আসে। এরপরই তাঁর বিরুদ্ধে আরও কঠোর ধারা যুক্ত করার জন্য আদালতের অনুমতি চাওয়া হয়।তদন্তকারীদের দাবি, গ্রেফতারির আশঙ্কা তৈরি হওয়ায় শওকত মোল্লা বাংলাদেশ সীমান্ত দিয়ে পালানোর চেষ্টা করেছিলেন। দক্ষিণ ২৪ পরগনার সীমান্তবর্তী চুনাখালি এলাকায় তাঁকে দেখা গিয়েছিল বলেও তদন্তে উঠে এসেছে বলে দাবি এনআইএ-র। এবার এই ভাঙড় বোমা বিস্ফোরণ মামলায় UAPA ধারা যুক্ত হওয়ার ফলে তদন্তের পরবর্তী ধাপ আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।


