Aaj India Desk, পুরুলিয়া: পুরুলিয়ার দেবেন মাহাতো মেডিক্যাল কলেজ ও হাসপাতালের (DMGMCH) বেহাল পরিস্থিতির অভিযোগ সামনে আসতেই নড়েচড়ে বসল স্বাস্থ্য দফতর (WBHEALTH)। হাসপাতালের একাধিক আধিকারিক ছুটিতে থাকলেও সেই ছুটির জন্য দফতরের অনুমতি ছিল না বলে অভিযোগ। এই ঘটনায় হাসপাতালের MSVP-সহ মোট ৮ জনকে শোকজ (Show Cause) করা হয়েছে। পাশাপাশি, রাজ্যের সমস্ত মেডিক্যাল কলেজের পরিস্থিতি খতিয়ে দেখতে শুক্রবার স্বাস্থ্যভবনে জরুরি বৈঠক ডাকা হয়েছে।
বৃহস্পতিবার হাসপাতালের দুরবস্থার ছবি সামনে আনেন বিজেপি সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো। জানা গিয়েছে, সোমবার এক পরিচিতের বাবার মৃত্যুর পর হাসপাতালে গিয়েছিলেন তিনি। সেখানে গিয়ে হাসপাতালের অপরিচ্ছন্ন পরিবেশ এবং নানা অব্যবস্থা দেখে ক্ষোভ প্রকাশ করেন সাংসদ। বিষয়টি তিনি স্বাস্থ্যমন্ত্রীর নজরেও আনেন। তাঁর অভিযোগ, কিছু মানুষের কাজের জন্যই সরকারকে অস্বস্তিতে পড়তে হচ্ছে।
এরপর হাসপাতালের আধিকারিকদের উপস্থিতি নিয়ে খোঁজখবর শুরু হয়। অভিযোগ, ছয়জন আধিকারিকের মধ্যে পাঁচজনই ছুটিতে ছিলেন। অথচ সেই ছুটির অনুমতি স্বাস্থ্য দফতরের কাছ থেকে নেওয়া হয়নি। বিষয়টি সামনে আসতেই সংশ্লিষ্ট আধিকারিকদের বিরুদ্ধে পদক্ষেপ করা হয়।
হাসপাতালের পরিষেবা ও পরিচ্ছন্নতার মান উন্নত করতে এবার রাজ্যের সমস্ত মেডিক্যাল কলেজের সুপারিনটেনডেন্ট, MSVP এবং অন্যান্য আধিকারিকদের নিয়ে বৈঠক করবে স্বাস্থ্য দফতর। শুক্রবার দুপুর ১২টায় এই বৈঠক হওয়ার কথা। যাঁরা সরাসরি উপস্থিত থাকতে পারবেন না, তাঁদের ভিডিয়ো কলে যোগ দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে।
এই বিষয়ে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায় জানান, হাসপাতালের অধ্যক্ষা, MSVP এবং মেডিক্যাল সুপার-সহ আধিকারিকদের ছুটিতে থাকার বিষয়টি তাঁদের জানা ছিল না। কেন অনুমতি ছাড়া তাঁরা ছুটিতে ছিলেন, সেই কারণও স্পষ্ট নয় বলে জানান তিনি। মন্ত্রীর বক্তব্য, হাসপাতাল পরিষ্কার রাখার জন্য কর্মী ও প্রয়োজনীয় সরঞ্জামের ব্যবস্থা রয়েছে। তারপরও কেন এমন পরিস্থিতি তৈরি হল, তা খতিয়ে দেখা হচ্ছে। ইতিমধ্যেই সংশ্লিষ্ট সকলকে শোকজ করা হয়েছে।


