Aaj lndia Desk,নয়াদিল্লি: ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি (Giorgia Meloni)- র রাজনৈতিক জীবনে নতুন মাইলফলক। দেশের যুদ্ধ-পরবর্তী ইতিহাসে তিনিই এখন সবচেয়ে দীর্ঘ সময় ধরে ধারাবাহিকভাবে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করা ব্যক্তি। মেলোনির এই সাফল্যে তাঁকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। নিজের সমাজমাধ্যমের প্রোফাইলে মেলোনিকে ‘বন্ধু’ হিসেবে উল্লেখ করে শুভেচ্ছা বার্তা দিয়েছেন তিনি।
মোদী তাঁর পোস্টে জানিয়েছেন, ইতালির যুদ্ধ-পরবর্তী ইতিহাসে সবচেয়ে দীর্ঘ সময় ধরে ধারাবাহিকভাবে প্রধানমন্ত্রীর পদে থাকার জন্য তাঁর বন্ধু প্রধানমন্ত্রী মেলোনিকে অভিনন্দন। তাঁর মতে, এই মাইলফলক আসলে ইতালির মানুষের মেলোনির নেতৃত্বের প্রতি আস্থা ও বিশ্বাসের প্রতিফলন।
শুধু মেলোনির রাজনৈতিক সাফল্যের প্রশংসাই নয়, ভারত-ইতালি সম্পর্কের প্রসঙ্গও উঠে এসেছে মোদীর বার্তায়। তিনি লিখেছেন, মেলোনির বন্ধুত্ব দুই দেশের মধ্যে গড়ে ওঠা India-Italy Special Strategic Partnership-কে আরও শক্তিশালী করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে।
ভারত ও ইতালির মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও এগিয়ে নিয়ে যাওয়ার বার্তাও দিয়েছেন প্রধানমন্ত্রী। দুই দেশের মানুষের জন্য সমৃদ্ধ ভবিষ্যৎ গড়ে তুলতে আগামী দিনেও মেলোনির সঙ্গে সহযোগিতা চালিয়ে যাওয়ার প্রত্যাশা প্রকাশ করেছেন তিনি।
পোস্টের শেষেও মেলোনির জন্য শুভকামনা জানিয়েছেন মোদী। আগামী বছরগুলিতে তাঁর আরও সাফল্য কামনা করেছেন ভারতের প্রধানমন্ত্রী।
মোদীর এই পোস্ট প্রকাশ্যে আসতেই ফের আলোচনায় এসেছে তাঁর ও মেলোনির বহুলচর্চিত বন্ধুত্ব। অতীতে দুই রাষ্ট্রনেতার বিভিন্ন সাক্ষাৎ, ছবি ও সমাজমাধ্যমের পোস্ট নিয়ে ‘Melodi’ শব্দটিও বেশ জনপ্রিয় হয়েছিল। ফলে মেলোনির নতুন রেকর্ডে মোদীর এই শুভেচ্ছাবার্তা সামনে আসার পর নেটপাড়াতে বিষয়টি নিয়ে শুরু হয়েছে নতুন করে চর্চা।


