Aaj India Desk, কলকাতা : বাংলায় ক্ষমতার রদবদলের পর থেকেই বঙ্গের মাটিতে প্রায়ই পা ফেলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। এবার ফের ১৮ ও ১৯ জুলাই দু’দিনের পশ্চিমবঙ্গ সফরে আসছেন তিনি। সফরের প্রথম দিনে উত্তরবঙ্গে এবং দ্বিতীয় দিনে কলকাতায় জরুরি কর্মসূচিতে যোগদান করবেন তিনি। পাশাপাশি ওইদিন তাঁর সাথে বিজেপির সাংগঠনিক বৈঠকও হতে পারে।
উত্তরবঙ্গে সীমান্ত নিরাপত্তা বৈঠক
১৮ জুলাই সন্ধ্যায় বাগডোগরা বিমানবন্দরে পৌঁছে শিলিগুড়ির উত্তরকন্যায় উচ্চপর্যায়ের বৈঠকে যোগ দেওয়ার কথা রয়েছে অমিত শাহের (Amit Shah)। ভারত-বাংলাদেশ সীমান্তের নিরাপত্তা ব্যবস্থা নিয়েই মূল বৈঠক হবে। সীমান্তে ফেন্সিংয়ের অগ্রগতি, দুর্বল অংশে জমি অধিগ্রহণ, বিএসএফের নজরদারি জোরদার, মাদক পাচার, অনুপ্রবেশ এবং অন্যান্য সীমান্ত-সংক্রান্ত নিরাপত্তা ইস্যু নিয়ে আলোচনা হতে পারে বলে দলীয় সূত্রে জানানো হয়েছে। বৈঠকে রাজ্য প্রশাসনের শীর্ষ আধিকারিক, বিএসএফ, নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (NCB) এবং অন্যান্য কেন্দ্রীয় সংস্থার প্রতিনিধিরা উপস্থিত থাকবেন।
উত্তরবঙ্গের কর্মসূচি শেষ করে রাত সাড়ে ৮টা নাগাদ কলকাতায় পৌঁছানোর সম্ভাবনা রয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর। নিউ আলিপুরের সৌজন্য গেস্ট হাউসে তাঁর রাত্রিবাসের কথা রয়েছে। তিনি এই প্রথমবার রাজ্য সরকারের অতিথিনিবাসে থাকবেন।
মেগা ডেয়ারি প্রকল্পের ভিত্তিপ্রস্তর
১৯ জুলাই সকালে গেস্ট হাউসেই রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে একটি বৈঠক হওয়ার কথা রয়েছে। দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার জেলাশাসক ও পুলিশ সুপারদের ওই বৈঠকে উপস্থিত থাকার সম্ভাবনা রয়েছে। সরকারি কর্মসূচির পাশাপাশি রাজ্য বিজেপির শীর্ষ নেতৃত্ব, সাংসদ ও বিধায়কদের সঙ্গে সাংগঠনিক বৈঠক করতে পারেন অমিত শাহ।
এরপর আলিপুরের ন্যাশনাল লাইব্রেরি অফ ইন্ডিয়ায় যাবেন অমিত শাহ (Amit Shah)। সেখানে নবনির্মিত ওয়ার্ড মিউজিয়ামের উদ্বোধন করার কথা রয়েছে তাঁর। এরপর সড়কপথে বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে পৌঁছে বিকেল ৪টায় আমুল বেঙ্গল ডেয়ারির নতুন দই উৎপাদন কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে যোগ দেবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। এই প্রকল্পে প্রায় ৬৫০ থেকে ৭০০ কোটি টাকা বিনিয়োগের পরিকল্পনা রয়েছে। এটি চালু হলে বাংলার শিল্পজগতে ফের নতুন উন্নয়নের সম্ভাবনা দেখা যাবে বলে জানিয়েছেন রাজ্যের শিল্পমন্ত্রী তাপস রায়।
উল্লেখ্য, জুলাই মাসে এটি অমিত শাহের দ্বিতীয় পশ্চিমবঙ্গ সফর। এর আগে ৬ জুলাই তিনি শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫তম জন্মবার্ষিকী উপলক্ষে রাজ্যে এসেছিলেন। এবারের সফরে সীমান্ত নিরাপত্তা, প্রশাসনিক পর্যালোচনা, শিল্প বিনিয়োগ এবং সাংগঠনিক বৈঠক এই চারটি বিষয়ই বিশেষ গুরুত্ব পাচ্ছে।


