30 C
Kolkata
Saturday, August 29, 2026
spot_img

চার দিন পেরিয়েও সন্ধান নেই শর্মিষ্ঠার, নেপাল বিপর্যয়ে উদ্বেগে শুভ্রাংশু রায়, পাশে ঋতব্রতরা

Aaj lndia Desk, কলকাতা: নেপালের ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগের পর সময় যত এগোচ্ছে, ততই বাড়ছে কাঁচরাপাড়ার রায় পরিবারের উৎকণ্ঠা। বীজপুরের প্রাক্তন বিধায়ক শুভ্রাংশু রায়ের স্ত্রী শর্মিষ্ঠা ভৌমিক রায় এখনও নিখোঁজ। কৈলাশ-মানস সরোবর তীর্থযাত্রায় গিয়ে নেপাল-তিব্বত সীমান্তবর্তী এলাকায় বিপর্যয়ের মধ্যে পড়ার পর তাঁর সঙ্গে আর কোনওভাবে যোগাযোগ করা যায়নি। শর্মিষ্ঠা প্রয়াত রাজনীতিক মুকুল রায়ের পুত্রবধূও।

জানা গিয়েছে, ২১ আগস্ট একটি বেসরকারি ট্রাভেল সংস্থার মাধ্যমে তীর্থযাত্রার উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন শর্মিষ্ঠা। পরিবারের সদস্যদের সঙ্গে না গিয়ে একাই সফরে বেরিয়েছিলেন তিনি। তাঁর দুই সন্তানকে শুভ্রাংশুর কাছেই রেখে যাওয়া হয়েছিল। এরপর ২৫ আগস্ট রাত আনুমানিক ১১টা পর্যন্ত তাঁর সঙ্গে পরিবারের যোগাযোগ ছিল। সেটিই এখনও পর্যন্ত শর্মিষ্ঠার সঙ্গে পরিবারের শেষ যোগাযোগ বলে জানা যাচ্ছে।

এরপর নেপাল-তিব্বত সীমান্তের রসুয়াগাধি এলাকায় প্রাকৃতিক বিপর্যয় পরিস্থিতিকে আরও জটিল করে তোলে। একাধিক জায়গায় যোগাযোগ ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হওয়ায় নিখোঁজদের অবস্থান সম্পর্কে নির্ভরযোগ্য তথ্য পাওয়া কঠিন হয়ে পড়েছে। একই সঙ্গে কলকাতা থেকে মানস সরোবর যাত্রায় যাওয়া ৩২ জনের একটি দল নিয়েও উদ্বেগ তৈরি হয়েছে। তাঁদের মধ্যে পর্যটক ও ট্যুর ম্যানেজার মিলিয়ে ৩২ জন ছিলেন বলে জানা গিয়েছে।

শর্মিষ্ঠার সন্ধানে রাজ্য প্রশাসনও যোগাযোগের চেষ্টা চালাচ্ছে। শুক্রবার রাতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) ভিডিও কনফারেন্সের মাধ্যমে শুভ্রাংশু রায় ও তাঁর মেয়ের সঙ্গে কথা বলেন। নিখোঁজদের সন্ধান ও উদ্ধারের জন্য নেপাল দূতাবাসের মাধ্যমে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে। ভারতীয় কর্তৃপক্ষও নেপাল ও সংশ্লিষ্ট প্রশাসনের সঙ্গে যোগাযোগ রেখে পরিস্থিতির উপর নজর রাখছে।

এই পরিস্থিতিতেই শনিবার শুভ্রাংশু রায়ের কাঁচরাপাড়ার বাড়িতে যান ঋতব্রত বন্দ্যোপাধ্যায় (Ritabrata Bandyopadhyay)। তাঁর সঙ্গে ছিলেন চন্দ্রিমা ভট্টাচার্য, ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও শান্তনু সেন। পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করে তাঁদের পাশে থাকার বার্তা দেন তাঁরা।

পরে ঋতব্রত জানান, দীর্ঘদিন মুকুল রায়ের সঙ্গে রাজনৈতিকভাবে কাজ করার সুবাদে এই পরিবারের সঙ্গে তাঁদের পুরনো সম্পর্ক রয়েছে। শর্মিষ্ঠার নিখোঁজ হওয়ার ঘটনায় তাঁরাও উদ্বিগ্ন। বিদেশ মন্ত্রক এবং রাজ্য প্রশাসন বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছে বলেও জানান তিনি। শর্মিষ্ঠা নিরাপদে রয়েছেন এবং দ্রুত তাঁর সন্ধান পাওয়া যাবে এই আশাতেই এখন অপেক্ষা করছে পরিবার।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন