কলকাতা: ২০২৮ কে ঘিরে বাঙালির পুজো (Durgapuja) ক্যালেন্ডারে কি তবে ডাবল ধামাকা? পাড়ার চায়ের দোকান থেকে ঘরোয়া আড্ডা, সর্বত্র এখন একটাই চর্চা, ১৯৮০ র ছায়া কি ফিরতে চলেছে ২০২৮ এ? শাস্ত্রজ্ঞদের আলোচনায় সেই জল্পনাতেই ঘি পড়েছে।
বঙ্গের দুর্গাপুজোয় (Durgapuja) রয়েছে দুই গণনার রীতি, বিশুদ্ধ সিদ্ধান্ত বা দৃকসিদ্ধ এবং সূর্যসিদ্ধান্ত, যা মেনে তৈরি হয় গুপ্তপ্রেস পঞ্জিকাও। শোনা যাচ্ছে, ২০২৮ সালে এই দুই পঞ্জিকা অনুযায়ী দুর্গাপুজোর ব্যবধান হতে পারে ১৫ দিনের! যদিও নির্দিষ্ট তারিখ নিয়ে এখনও নিশ্চিত নন কেউই।
সর্বভারতীয় প্রাচ্য বিদ্যা আকাদেমির অধ্যক্ষ জয়ন্ত কুশারীর কথায়, দু’বার পুজো হলেও কোনও পুজোই ভুল নয়। নিয়ম, আচার মেনেই দু’টি পুজো হতে পারে। ফলে ভক্তদের কাছে সুযোগ, চাইলে দু’বারই মায়ের চরণে অঞ্জলি!
তবে গুপ্তপ্রেস পঞ্জিকার কর্ণধার অরিজিৎ রায়চৌধুরী জানাচ্ছেন, ২০২৮ এর পুজোর নির্ঘণ্ট নিয়ে এখনই চূড়ান্ত কিছু বলার সময় আসেনি। চলছে ২০২৭ সালের গণনাই। সেই বছরও দুই পঞ্জিকায় অষ্টমী ও নবমীর তারিখ নিয়ে ফারাক দেখা যাচ্ছে।
১৯৮০ সালেও দুই সিদ্ধান্তের গণনায় দুর্গাপুজো (Durgapuja) হয়েছিল আলাদা সময়ে। এক পঞ্জিকায় যখন মহালয়া, অন্যটিতে তখন কালীপুজো। একদিকে মহানবমী, অন্যদিকে জগদ্ধাত্রী পুজো!
তবে পুজোপ্রেমীদের উত্তেজনার মাঝেও আসল প্রশ্নটা কিন্তু অন্য, ছুটি কবে পড়বে? আশ্বিনেই কি মিলবে স্কুল কলেজের ছুটি, নাকি পঞ্জিকার প্যাঁচে গোলমাল হবে পরিকল্পনায়?
মায়ের পুজো (Durgapuja) দু’বার হলে আনন্দ ডাবল, সন্দেহ নেই। কিন্তু ছুটির ক্যালেন্ডারও কি ডাবল হবে? আপাতত উত্তর দেবে সময়, আর পঞ্জিকার অঙ্ক!


