Aaj India Desk, নয়া দিল্লি : দিল্লির যন্তর মন্তরে ককরোচ জনতা পার্টি (CJP)-র প্রস্তাবিত বিক্ষোভে যোগ দিতে যাওয়ার আগে গুরুগ্রামের বাড়ি থেকে আটক করা হল জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠিকে (Dhruv Rathee Detained)। শনিবার সকালে গুরুগ্রামের সেক্টর ৫৬-এর কেন্দ্রীয় বিহার আবাসনে তাঁর বাড়িতে পৌঁছয় দিল্লি ও গুরুগ্রাম পুলিশের দল। পুলিশের দাবি, দিল্লিতে না যাওয়ার জন্য একাধিকবার অনুরোধ করা হলেও তা মানেননি রাঠি। এরপরই তাঁকে আটক করা হয়। অন্যদিকে, এই ঘটনায় পুলিশের বিরুদ্ধে গণতান্ত্রিক প্রতিবাদ দমনের অভিযোগ তুলেছে CJP।
যন্তর মন্তরের বিক্ষোভ ঘিরে উত্তেজনা
নির্বাচন কমিশনের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে শনিবার দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভের ডাক দিয়েছে CJP। সংগঠনের নেতৃত্বে রয়েছেন অভিজিৎ দীপকে। ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (SIR)-এ অনিয়মের অভিযোগ তুলে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ দাবি করছেন বিক্ষোভকারীরা। এই কর্মসূচিতে যোগ দেওয়ার আহ্বান জানিয়ে সম্প্রতি সমাজমাধ্যমে একটি ভিডিও প্রকাশ করেছিলেন ধ্রুব রাঠি। সেই কর্মসূচিতে অংশ নিতে তিনি দিল্লি যাওয়ার পরিকল্পনা করেছিলেন।(Dhruv Rathee Detained)
কেন আটক করা হল ধ্রুব রাঠিকে?
গুরুগ্রাম পুলিশের এক পদস্থ আধিকারিকের বক্তব্য, দিল্লি পুলিশের একটি দল প্রথমে রাঠির বাড়িতে পৌঁছে তাঁকে রাজধানীতে না যাওয়ার অনুরোধ জানায়। পরে দিল্লি পুলিশের সঙ্গে যোগাযোগের ভিত্তিতে গুরুগ্রাম পুলিশের দলও তাঁর বাড়িতে যায়। পুলিশের দাবি, আইন মেনে চলা এবং শান্তিশৃঙ্খলা বজায় রাখতে সহযোগিতা করার জন্য তাঁকে বোঝানো হয়েছিল। কিন্তু সেই অনুরোধে সাড়া না দেওয়ায় তাঁকে আটক (Dhruv Rathee Detained) করা হয়। পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত তাঁর বাড়িতে পুলিশ মোতায়েন থাকবে বলেও জানিয়েছেন আধিকারিকেরা।
দিল্লি জুড়ে কড়া নিরাপত্তা
CJP-র বিক্ষোভ ঘিরে রাজধানী দিল্লিতে ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। দিল্লি পুলিশ ও কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনীর ৪০ হাজারেরও বেশি কর্মী মোতায়েন করা হয়েছে। বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় ব্যারিকেড এবং স্পাইক স্ট্রিপ বসানো হয়েছে।বিক্ষোভের অনুমতি দেওয়া হয়নি বলেই পুলিশি তৎপরতা বাড়ানো হয়েছে।
ধ্রুব রাঠির আটকের খবর সমাজমাধ্যমে জানিয়েছে CJP। সংগঠনটি পুলিশের পদক্ষেপের তীব্র সমালোচনা করে দাবি করেছে, নির্বাচনী তালিকা সংশোধন নিয়ে প্রশ্ন তোলার কারণে গণতান্ত্রিক প্রতিবাদ দমনের চেষ্টা চলছে। এক বিবৃতিতে CJP ধ্রুব রাঠিকে অবিলম্বে ও নিঃশর্তে মুক্তি দেওয়ার দাবি জানিয়েছে। সংগঠনটির আরও অভিযোগ, দিল্লি জুড়ে ধরপাকড়ের অভিযানে বহু নাগরিক ও ছাত্র আন্দোলনের কর্মীকেও আটক করা হয়েছে। ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন নিয়ে বিতর্কের মধ্যেই CJP-র এই কর্মসূচি এবং ধ্রুব রাঠির আটক নতুন করে রাজনৈতিক ও নাগরিক অধিকার সংক্রান্ত প্রশ্ন সামনে এনেছে।


