কলকাতা: মঙ্গলবার সাতসকালে সল্টলেকের করুণাময়ীর কাছে আনন্দলক হাসপাতালে বিধ্বংসী আগুন (Fire)। হাসপাতালের জানলা দিয়ে গলগল করে বেরচ্ছে কালো ধোঁয়া। রোগীদের তড়িঘড়ি নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। ঘটনাস্থলে দমকলের ৩ টি ইঞ্জিন। ভেতরে কেউ আটকে পড়েছেন কিনা দেখা হচ্ছে। প্রাথমিক অনুমান, এসির শর্ট সার্কিট থেকে আগুন। আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন দমকলকর্মীরা।
হাসপাতালের এক কর্মী জানিয়েছে, হাসপাতালে প্রায় ২০ জন রোগী ছিলেন। তাঁদেরকে সরিয়ে পাশের ভবনে রাখা হয়েছে। সেইসঙ্গে জানা গিয়েছে, আনন্দলোক হাসপাতালের অপারেশন থিয়েটার থেকে ধোঁয়া বেরতে থাকে। অপারেশন থিয়েটারের এসিতেই শর্ট সার্কিট থেকে আগুন (Fire) বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে। আগুনের উৎসস্থলে পৌঁছনর চেষ্টা করছেন দমকলকর্মীরা।
পুলিশ সূত্রে খবর, কোনও রোগী ভেতরে আটকে নেই। কেউ আহত হননি বলেন বিধাননগর কমিশনারেটের ডিসি ট্রাফিক। তিনি আরও জানান, লিফট বন্ধ করে দেওয়া হয়েছে। আগুন লাগার কারণ তাঁরা খতিয়ে দেখছেন।
বলা বাহুল্য, আনন্দলোক হাসপাতালে যদিও কোনও আপৎকালীন অপারেশন করা হয় না। তবুও এই ঘটনায় হাসপাতালের রোগী এবং তাঁদের পরিজনরা যথেষ্ট আতঙ্কিত বোধ করছেন। সকলের মনেই ২০১১-এর আমরি হাসপাতালের স্মৃতি। যেখানে ধোঁয়ায় শ্বাসরুদ্ধ হয়ে মারা গিয়েছিলেন প্রায় ১০০ জন।


