Aaj India Desk, কলকাতা : বঙ্গোপসাগরে ক্রমশ শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’ (Cyclone Akvan Update) ! আর তার জেরেই কি বদলাতে চলেছে দক্ষিণবঙ্গের আবহাওয়া? আপাতত তেমনই ইঙ্গিত দিচ্ছে হাওয়া অফিসের পূর্বাভাস। আগামী ১৮ ও ১৯ নভেম্বর কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির আশঙ্কা। ইতিমধ্যেই বেশ কয়েকটি জেলায় হলুদ সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর।
কী বলছে হাওয়া অফিস?
IMD-র পূর্বাভাস অনুযায়ী, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এবং সংলগ্ন দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরের উপর অবস্থান করছে একটি গভীর নিম্নচাপ (Cyclone Akvan Update)। সেটি উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে। আবহাওয়া দফতরের অনুমান, সোমবারই দক্ষিণ বঙ্গোপসাগরের মধ্যভাগ ও সংলগ্ন পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরের উপর সেটি প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। পরবর্তী দু’দিনেও উত্তর-পশ্চিম দিকে এগিয়ে অন্ধ্রপ্রদেশ উপকূলের দিকে যাওয়ার সম্ভাবনা রয়েছে ঘূর্ণিঝড়টির। এই নিম্নচাপের শক্তিবৃদ্ধির দিকেই নজর রাখছে আবহাওয়া দফতর।
কোন কোন জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস?
১৮ ও ১৯ নভেম্বর দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া, পূর্ব বর্ধমান, উত্তর ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে ভারী বৃষ্টি হতে পারে। এই জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। অন্যদিকে, ১৯ নভেম্বর দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে।
আজ কেমন থাকবে রাজ্যের আবহাওয়া?
গত ২৪ ঘণ্টায় উত্তরবঙ্গের জলপাইগুড়ি জেলার এক বা দুটি জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে। তবে রাজ্যের বাকি অংশে আবহাওয়া মূলত শুষ্ক থাকবে। তবে বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের শক্তিবৃদ্ধির জেরে আগামী কয়েক দিনে আবহাওয়ার পরিবর্তন হতে পারে। বিশেষ করে ১৮ ও ১৯ নভেম্বর দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির প্রভাব বেশি পড়ার সম্ভাবনা রয়েছে। আপাতত ঘূর্ণিঝড় ‘আকভান’-এর (Cyclone Akvan Update) গতিপথ, শক্তি এবং সম্ভাব্য প্রভাবের দিকে নজর রাখছে আবহাওয়া দফতর।


