33.3 C
Kolkata
Tuesday, September 29, 2026
spot_img

চাকরি বাঁচাতে রাতভর বিকাশ ভবনে! ২৪ ঘণ্টা পরেও অনড় চুক্তিভিত্তিক শিক্ষকেরা!

Aaj India Desk, কলকাতা: পুজোর মুখে চাকরি হারানোর আশঙ্কায় সল্টলেকে অবস্থান বিক্ষোভে চুক্তিভিত্তিক কম্পিউটার শিক্ষকরা (Contractual Computer Teachers)। সোমবার করুণাময়ী থেকে বিকাশ ভবনের উদ্দেশে মিছিল করে আসার পর পুলিশ তাঁদের আটকে দেয় বলে অভিযোগ। এরপর বিকাশ ভবন চত্বরে অবস্থান শুরু করেন শিক্ষকরা। ২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও আন্দোলন থেকে সরেননি তাঁরা। তাঁদের দাবি, ICT ঐক্য মঞ্চের ৬ এবং ৭ ফেজের শিক্ষক-শিক্ষিকাদের চাকরির নিরাপত্তা নিশ্চিত করে সরাসরি সরকারি চুক্তিভিত্তিক কর্মী হিসেবে নিয়োগ করতে হবে।

পুজোর মুখে চাকরি নিয়ে সংশয়

চারদিকে যখন পুজোর প্রস্তুতি চলছে, তখনই চাকরি নিয়ে অনিশ্চয়তার মুখে পড়েছেন এই শিক্ষকরা (Contractual Computer Teachers)। আন্দোলনকারীদের দাবি, তাঁদের নিয়োগকারী সংস্থার সঙ্গে চুক্তির মেয়াদ আগামী ৩০ সেপ্টেম্বর শেষ হচ্ছে। নতুন করে চুক্তি নবীকরণ না হওয়ার আশঙ্কায় ইতিমধ্যেই অনেকের হাতে টার্মিনেশন লেটার পৌঁছেছে বলেও দাবি তাঁদের।

শিক্ষকদের অভিযোগ, নতুন টেন্ডার হলে তাঁদের পুরনো চাকরি থাকবে কি না, তা নিয়ে কোনও নিশ্চয়তা নেই। ফলে বছরের পর বছর স্কুলে কাজ করার পরও ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে বলে দাবি বিক্ষোভকারীদের।

৩,৭১৯ শিক্ষক-শিক্ষিকার ভবিষ্যৎ?

আন্দোলনকারীদের (Contractual Computer Teachers) দাবি অনুযায়ী, ICT ঐক্য মঞ্চের ৬ এবং ৭ ফেজে প্রায় ৩,৭১৯ জন শিক্ষক-শিক্ষিকা রয়েছেন। এজেন্সির মাধ্যমে চুক্তিভিত্তিকভাবে তাঁদের নিয়োগ করা হয়েছিল। শিক্ষকদের বক্তব্য, দীর্ঘদিন কাজ করার পরও তাঁরা এখনও এজেন্সির অধীনেই রয়েছেন। নতুন টেন্ডার প্রক্রিয়ায় তাঁদের ভবিষ্যৎ কী হবে, সেটাই এখন তাঁদের মূল উদ্বেগ।

বিকাশ ভবনের সামনে বিক্ষোভ

সোমবার করুণাময়ীতে জমায়েতের পর বিকাশ ভবনের দিকে মিছিল করেন শিক্ষকরা। বিকাশ ভবনের কাছে পৌঁছলে পুলিশ তাঁদের আটকে দেয় বলে অভিযোগ। এরপর বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তির পরিস্থিতি তৈরি হয় বলে আন্দোলনকারীদের দাবি। এরপর কয়েকজন রাস্তায় বসে এবং শুয়ে প্রতিবাদ জানান। শেষ পর্যন্ত বিকাশ ভবনের সামনেই অবস্থান শুরু করেন তাঁরা।

আন্দোলনকারীদের দাবি, সরকারি আধিকারিকদের তাঁদের সঙ্গে সরাসরি কথা বলতে হবে এবং চাকরির ভবিষ্যৎ নিয়ে স্পষ্ট সিদ্ধান্ত জানাতে হবে। এক বিক্ষোভকারীর কথায়, “পুজোর সময় সবাই বোনাস পায়, আর আমরা পাচ্ছি টার্মিনেশন লেটার!”

শিক্ষকদের বক্তব্য, তাঁদের আন্দোলন শুধু বর্তমান চাকরি ধরে রাখার জন্য নয়। এজেন্সি প্রথা বন্ধ করে তাঁদের সরাসরি সরকারি চুক্তিভিত্তিক কর্মী হিসেবে নিয়োগের দাবিও রয়েছে। আন্দোলনকারীদের দাবি, ICT-র ১ থেকে ৫ ফেজের শিক্ষকরা আন্দোলনের পর সরকারি চুক্তিভিত্তিক কর্মী হিসেবে বিভিন্ন সুবিধা পেয়েছেন। কিন্তু ৬ এবং ৭ ফেজের শিক্ষকরা প্রায় পাঁচ বছর কাজ করার পরও এখনও এজেন্সির অধীনেই রয়েছেন।

চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগে তাঁদের ভবিষ্যৎ নিয়ে সরকার কী সিদ্ধান্ত নেয়, এখন সেদিকেই তাকিয়ে আন্দোলনকারীরা। বিকাশ ভবন চত্বরে ২৪ ঘণ্টা পেরিয়েও অবস্থান চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা। পুজোর আগে চাকরি হারানোর আশঙ্কা কাটিয়ে স্থায়ী কর্মসংস্থানের নিশ্চয়তা না পাওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার কথা জানিয়েছেন চুক্তিভিত্তিক কম্পিউটার শিক্ষকরা।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন