Aaj India Desk, পূর্ব বর্ধমান: পূর্ব বর্ধমানে আবারও সিসি ক্যামেরা নিয়ে নতুন করে হইচই পড়ে গেছে। এবার এই অভিযোগ তুলেছে শাসক দল তৃণমূল কংগ্রেস (TMC)। জানানো হয়েছে, জেলার পাঁচটি বিধানসভা- আউশগ্রাম, ভাতাড়, গলসি, বর্ধমান উত্তর আর বর্ধমান দক্ষিণের স্ট্রং রুম রাখা হয়েছে বর্ধমান বিশ্ববিদ্যালয় (Burdwan University)-এর গোলাপবাগ ক্যাম্পাসের ইউআইটি (UIT) ভবনে। রবিবার আউশগ্রাম বিধানসভার স্ট্রং রুমে থাকা সিসি ক্যামেরা প্রায় ১ ঘণ্টা ১৫ মিনিট বন্ধ ছিল বলে অভিযোগ উঠেছে। দলীয় নেতাদের দাবি, সকাল ৯টা ২৪ মিনিট থেকে ১০টা ৩৭ মিনিট পর্যন্ত ক্যামেরা কাজ করেনি।
জেলা তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি স্বরাজ ঘোষ বলেন, “আমরা সকাল থেকেই সবকিছু নজরে রাখছিলাম। হঠাৎ দেখি ক্যামেরা বন্ধ হয়ে গেছে। সঙ্গে সঙ্গে আমরা দায়িত্বে থাকা কর্তৃপক্ষকে জানাই।” একই কথা বলেছেন জেলা তৃণমূল যুব কংগ্রেসের সহ-সভাপতি সেখ আবজল রহমানও। তাঁর বক্তব্য, “আমরা ওই সময়ের ভিডিও দেখতে চেয়েছিলাম। কিন্তু এখনও পর্যন্ত কমিশন আমাদের তা দেখাতে পারেনি। তাই বিষয়টা নিয়ে সন্দেহ আরও বাড়ছে।”
এই ঘটনাকে ঘিরে রাজনৈতিক মহলে ইতিমধ্যেই চাপানউতোর শুরু হয়েছে। তবে প্রশাসন বা নির্বাচন কমিশনের পক্ষ থেকে এখনও পর্যন্ত এ নিয়ে কোনও প্রতিক্রিয়া মেলেনি।


