Aaj India Desk, কলকাতা: দীর্ঘদিন সংগঠনের দায়িত্ব সামলানোর পর এবার মন্ত্রী (Minister)-র ভূমিকায় দেখা যাচ্ছে দিলীপ ঘোষ (Dilip Ghosh)-কে। বিজেপি সরকার (BJP Government) গঠনের পরে তাঁকে পঞ্চায়েত ও প্রাণিসম্পদ উন্নয়ন দফতরের দায়িত্ব দেওয়া হয়েছে। দায়িত্ব নেওয়ার পর থেকেই বিদেশ ও দেশের বিভিন্ন জায়গা থেকে তাঁর কাছে একের পর এক ফোন আসছে বলে জানিয়েছেন তিনি।
শুক্রবার সকালে ইকো পার্কে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে দিলীপ ঘোষ বলেন, পশ্চিমবঙ্গে বিনিয়োগ করতে আগ্রহ দেখাচ্ছেন বহু ব্যবসায়ী ও সংস্থা। তাঁর দাবি, তৃণমূল (TMC) সরকারের আমলে অনেক বিনিয়োগকারী রাজ্য ছেড়ে চলে গিয়েছিলেন। এখন পরিস্থিতি বদলাবে বলেই আশাবাদী তিনি।
দিলীপ ঘোষ জানান, “আমার সাথে দুবাই, লন্ডন, সিঙ্গাপুরের পাশাপাশি দিল্লি ও মুম্বই থেকেও বহু মানুষ যোগাযোগ করছেন। আমি তাঁদের আশ্বাস দিয়েছি আমরা আগে সরকারটা একটু ঠিক করে দাঁড় করিয়ে নিই, যাতে ভবিষ্যতে ব্যবসা করতে এসে কোনও সমস্যার মুখে না পড়তে হয়। তারপরই আপনাদের রাজ্যে বিনিয়োগের জন্য আমন্ত্রণ জানানো হবে, আপনারা আসবেন।” তিনি আরও বলেন, “পশ্চিমবঙ্গে শিল্প ও ব্যবসার অনেক সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যেই আমুল রাজ্যে ৬৫০ কোটি টাকা বিনিয়োগ করছে। ভবিষ্যতে আরও বড় বিনিয়োগ আসবে।”
সম্প্রতি হরিনঘাটা পরিদর্শনে গিয়েছিলেন দিলীপ ঘোষ। সেখানে গিয়ে তিনি নানা অব্যবস্থার অভিযোগ তুলেছেন। তাঁর দাবি, সরকারি গেস্ট হাউসের মধ্যেই এসপি অফিস তৈরি করা হয়েছে। পাশাপাশি তিনি অভিযোগ করেন, একসময় ‘মাদার ডেয়ারি’ যেখানে দিনে প্রায় ৬ লক্ষ লিটার দুধ উৎপাদন করত, এখন তা কমে মাত্র ৩০ হাজার লিটারে নেমে এসেছে। দিলীপ ঘোষের আরও অভিযোগ, বিভিন্ন সরকারি সংস্থাকে ভাগ করে দুর্নীতি ও লুটপাট চালানো হয়েছে। তাঁর দাবি, আগের সরকারের আমলে মন্ত্রীরা এই সব কাজে জড়িত ছিলেন।


