Aaj India Desk, নয়াদিল্লি: পাকিস্তানি গোয়েন্দা সংস্থার (ISI) এক এজেন্টের সঙ্গে যোগাযোগ রেখে ভারতীয় নৌসেনার (Indian Navy) গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা সংক্রান্ত তথ্য পাচারের অভিযোগ উঠেছে এক নৌসেনা কর্মীর বিরুদ্ধে। অন্ধ্রপ্রদেশ পুলিশের হাতে গ্রেফতার (Arrested) হয়েছেন প্রদীপ মুখোপাধ্যায় নামে ওই কর্মী।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, কয়েক মাস আগে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে পাকিস্তানের এক মহিলা গোয়েন্দা এজেন্টের সঙ্গে প্রদীপের পরিচয় হয়। প্রথমে তাঁদের মধ্যে বন্ধুত্ব তৈরি হয়। পরে সেই সম্পর্কের সুযোগ নিয়েই হানিট্র্যাপের মাধ্যমে প্রদীপের কাছ থেকে সংবেদনশীল তথ্য নেওয়া হয়েছিল বলে তদন্তকারীদের অভিযোগ।
ইস্টার্ন নেভাল কমান্ডের অধীনে বিশাখাপত্তনমে কর্মরত ছিলেন প্রদীপ। অভিযোগ, সেখানকার নৌঘাঁটির গুরুত্বপূর্ণ সম্পদ, নৌবহরের চলাচল এবং বিভিন্ন অপারেশন সংক্রান্ত তথ্য পাকিস্তানি এজেন্টের কাছে পাঠানো হয়েছিল।
সম্প্রতি কোয়েম্বাটোরের INS Agrani-তে একটি ম্যানেজমেন্ট ডেভেলপমেন্ট কোর্সে প্রশিক্ষণ নিতে গিয়েছিলেন প্রদীপ। সেখান থেকেই তাঁকে গ্রেফতার করা হয়। তদন্তকারীদের দাবি, তাঁর কিছু সন্দেহজনক ডিজিটাল কার্যকলাপ পুলিশের নজরে আসে। এরপর অন্ধ্রপ্রদেশ পুলিশের কাউন্টার ইন্টেলিজেন্স সেল তাঁর গতিবিধির উপর নজর রাখা শুরু করে।
তবে ঠিক কোন কোন তথ্য বাইরে পাঠানো হয়েছিল, কতদিন ধরে ওই পাকিস্তানি এজেন্টের সঙ্গে যোগাযোগ ছিল এবং এই তথ্য পাচারের বিনিময়ে প্রদীপ কোনও টাকা পেয়েছিলেন কি না, তা এখনও খতিয়ে দেখা হচ্ছে। ২০১৪ সালে নৌসেনায় সোলজার পদে যোগ দিয়েছিলেন প্রদীপ। বর্তমানে কোয়েম্বাটোরের রেড ফিল্ডস এলাকায় INS Agrani-তে ম্যানেজমেন্ট ডেভেলপমেন্ট কোর্সের প্রশিক্ষণে ছিলেন তিনি। সেখানেই তাঁকে গ্রেফতার করে তদন্ত শুরু করেছে পুলিশ।


