Aaj India Desk, কলকাতা : দুর্গাপুজোর একাধিক ফতোয়া ঘিরে চলতে থাকা বিতর্কের মাঝেই যেন পাল্টা খোঁচা দিলেন তৃনমূল নেতা ও বেলেঘাটার বিধায়ক কুনাল ঘোষ (Kunal Ghosh)। বুধবার সকালে গেরুয়া রং নিয়ে বিজেপিকে নিশানা করে সরব হলেন তিনি। তাঁর দাবি, বিজেপির কথা অনুযায়ী গেরুয়া যদি ‘পবিত্র রং’ হয়ে থাকে, তাহলে সেই রংয়ের কার্পেট ব্যবহার করে তার উপর দিয়ে জুতো পরে হাঁটা উচিত নয়। তাই রাজ্য সরকারকে ডেকরেটরদের গেরুয়া রঙের কার্পেট ব্যবহার না করার নির্দেশ দেওয়ার পরামর্শ দিয়েছেন তিনি।
কিছুদিন আগেই যাদবপুরে ৮ বি তে ভাষণ দেওয়ার সময় বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছিলেন “গেরুয়া পবিত্র রং। সেই রং নিয়ে যা ইচ্ছা লেখা যায়না।” মূলত সেই কথার রেশ ধরেই বুধবার নিজের সোশ্যাল মিডিয়া পোস্টে শুভেন্দু অধিকারীর গেরুয়া কার্পেটের উপর দিয়ে হেঁটে যাওয়ার একটি ছবি সংযুক্ত করে তৃনমূল বিধায়ক কুণাল ঘোষ (Kunal Ghosh) লেখেন, “গেরুয়া পবিত্র রং, ত্যাগের প্রতীক। তার উপর দিয়ে হাঁটা যায় না।” এরপরই তাঁর বক্তব্য, যেখানে ডেকরেশনের কাজে গেরুয়া রং ব্যবহার করা হচ্ছে, সেখানে বিশেষ করে কার্পেটের ক্ষেত্রে এই রং ব্যবহার না করাই উচিত।
কুণালের (Kunal Ghosh) বক্তব্য, গেরুয়া রংকে যদি ধর্মীয় বা পবিত্রতার প্রতীক হিসেবে দেখা হয়, তাহলে সেই রংয়ের কার্পেট মাটিতে বিছিয়ে তার উপর দিয়ে জুতো পরে চলাফেরা করার বিষয়টি পরস্পরবিরোধী।বিজেপিকে কটাক্ষ করে কুণাল আরও লেখেন, গেরুয়া কার্পেট বিছিয়ে তার উপর দিয়ে যে মানুষ জুতো পরে হাঁটে, পরে ফের তাঁর থেকেই গেরুয়া রঙের ‘পবিত্রতা’ নিয়ে বক্তব্য শুনতে হয়। তাঁর মতে, বিষয়টি “জটিল ও পরস্পরবিরোধী”। তবে একই সঙ্গে গেরুয়া রংকে তার নিজস্ব মর্যাদায় রাখার কথাও বলেছেন তিনি। তাঁর স্পষ্ট বক্তব্য, “গেরুয়া নিয়ে রাজনীতি বন্ধ হোক।”
কুণালের প্রস্তাব, রাজ্য সরকার আগে ডেকরেটরদের নির্দেশ দিক যাতে কোনও অনুষ্ঠান বা সরকারি-বেসরকারি আয়োজনে কার্পেট হিসেবে গেরুয়া রং ব্যবহার না করা হয়।
কুণাল ঘোষের এই মন্তব্যের পর গেরুয়া রংয়ের ব্যবহার নিয়ে ফের রাজনৈতিক বিতর্কের সম্ভাবনা তৈরি হয়েছে। বিজেপি এই মন্তব্যের কী প্রতিক্রিয়া জানায়, সেদিকেই এখন নজর।


