কোচবিহার: আশ্রমের ভিতরেই তরুণীর সঙ্গে ‘আপত্তিকর’ কাজকর্মের অভিযোগ (Sitai Ashram controversy)! তারই মধ্যে দু’জনের ঘনিষ্ঠ মুহূর্তের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই ছড়াল চাঞ্চল্য। ক্ষোভে ফেটে পড়লেন স্থানীয় বাসিন্দারা। রবিবার সকালে আশ্রমের সামনে শুরু হল বিক্ষোভ। উঠল অভিযুক্ত সন্ন্যাসীকে গ্রেপ্তারের দাবি। পরিস্থিতি সামাল দিতে শেষপর্যন্ত ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত মহারাজকে থানায় নিয়ে গেল পুলিশ। চাঞ্চল্যকর ঘটনাটি (Sitai Ashram controversy) কোচবিহারের সিতাইয়ের সালটিবাড়ি এলাকার।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সালটিবাড়িতে প্রায় ১০ বছর আগে স্বামীজির নামে একটি আশ্রম তৈরি করা হয়। সেখানে মহারাজ হিসেবে রয়েছেন স্বামী জ্ঞানানন্দ। তাঁর সঙ্গে আরও কয়েকজন সন্ন্যাসী থাকেন। আশ্রমে একাধিক আশ্রমিকও রয়েছেন। জানা গিয়েছে, দুস্থ পরিবারের শিশুদের আশ্রমে রেখে পড়াশোনার ব্যবস্থাও করা হয়।
অভিযোগ, মহারাজকে বিভিন্ন কাজে সাহায্য করার জন্য এক তরুণীও আশ্রমে (Sitai Ashram controversy) থাকেন। আর সেই তরুণীর সঙ্গেই আশ্রমের ভিতরে মহারাজের ‘আপত্তিকর’ ঘনিষ্ঠতা ছিল বলে অভিযোগ উঠেছে। সম্প্রতি দু’জনের ঘনিষ্ঠ মুহূর্তের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে (ভাইরাল ওই ভিডিওটির সত্যতা স্বাধীনভাবে যাচাই করেনি আজ ইন্ডিয়া)।
ভিডিওটি ছড়িয়ে পড়ার পরই এলাকায় শুরু হয় জোর চর্চা। অভিযোগের সত্যতা নিয়ে নানা প্রশ্নের পাশাপাশি ক্ষোভও বাড়তে থাকে স্থানীয়দের মধ্যে। রবিবার সকালেই আশ্রমের (Sitai Ashram controversy) সামনে জড়ো হন স্থানীয় বাসিন্দাদের একাংশ। শুরু হয় বিক্ষোভ। অভিযুক্ত স্বামী জ্ঞানানন্দকে গ্রেপ্তারের দাবি জানাতে থাকেন বিক্ষোভকারীরা।
পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠতেই খবর যায় সিতাই থানায়। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছয়। পরে অভিযুক্ত মহারাজকে থানায় নিয়ে যাওয়া হয়। তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে পুলিশ সূত্রে খবর।
এখন তদন্তকারীদের সামনে একাধিক প্রশ্ন। ভাইরাল হওয়া ভিডিওটি আদৌ সত্যি কি না? ভিডিওটির সঙ্গে অভিযোগের কোনও সম্পর্ক রয়েছে কি না? আশ্রমের ভিতরে ঠিক কী ঘটেছিল? আর এই ঘটনায় আরও কেউ জড়িত রয়েছেন কি না, সবদিকই খতিয়ে দেখছে পুলিশ।
আশ্রমে দীর্ঘদিন ধরে শিশুদের পড়াশোনার ব্যবস্থা চলে আসায় ঘটনাটি ঘিরে আরও নানা প্রশ্ন উঠেছে। যদিও অভিযোগের (Sitai Ashram controversy) সত্যতা বা ঘটনার প্রকৃত ছবি তদন্ত শেষ না হওয়া পর্যন্ত স্পষ্ট নয়। একটি ভাইরাল ভিডিও থেকেই শুরু বিতর্ক, তারপর জনরোষ, বিক্ষোভ এবং শেষপর্যন্ত থানায় অভিযুক্ত মহারাজ! সিতাইয়ের এই আশ্রমকাণ্ডে এখন নজর পুলিশের তদন্তের দিকে।


