Aaj India Desk, কলকাতা : একদিকে NRS হাসপাতালে চিকিৎসা নিয়ে গুরুতর অভিযোগ, অন্যদিকে শারীরিক জটিলতা নিয়ে অনিশ্চয়তায় দিন কাটছিল বেলেঘাটার বাসিন্দা গোপাল পোড়েলের। গলব্লাডারে স্টোন থাকা সত্ত্বেও ভুল করে অ্যাপেনডিক্সের অস্ত্রোপচার করা হয়েছে বলে অভিযোগ তুলেছিলেন তিনি। সেই অভিযোগ প্রকাশ্যে আনেন তৃনমূলের বেলেঘাটারই বিধায়ক কুনাল ঘোষ। এরপরই তাঁর চিকিৎসার পরবর্তী পদক্ষেপ নিয়ে তৎপরতা শুরু হয়। অবশেষে সোমবার সকালে বিধাননগরের আনন্দলোক হাসপাতালে গোপালের গলব্লাডারের অস্ত্রোপচার হয়।
NRS-এ কী হয়েছিল?
বেলেঘাটা কেন্দ্রের ৩৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা গোপাল পোড়েলের অভিযোগ, গলব্লাডারে স্টোনের সমস্যা নিয়ে NRS হাসপাতালে চিকিৎসা করাতে গিয়ে তাঁর অ্যাপেনডিক্সের অস্ত্রোপচার করা হয়। অথচ তাঁর অ্যাপেনডিক্সে কোনও সমস্যা ছিল না বলেই দাবি গোপালের। অস্ত্রোপচারের পর শারীরিক জটিলতা তৈরি হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। এরপর বিষয়টি নিয়ে তৃণমূল বিধায়ক কুণাল ঘোষের সঙ্গে দেখা করে নিজের সমস্যার কথা জানান গোপাল।
আনন্দলোকে নতুন করে চিকিৎসা
অভিযোগের পর গোপালকে বিধাননগরের আনন্দলোক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে সোমবার সকালে গলব্লাডারে থাকা স্টোন বার করার অস্ত্রোপচার হয়। কুণাল ঘোষের বক্তব্য অনুযায়ী, অস্ত্রোপচার ঠিকঠাক হয়েছে এবং স্টোন বের করা সম্ভব হয়েছে। গোপালের দ্রুত আরোগ্য কামনা করে সামাজিক মাধ্যমে পোস্ট করেছেন কুণাল। তিনি জানিয়েছেন, গোপাল ১০০ দিনের কাজ করেন এবং চিকিৎসার খরচ নিয়ে সমস্যায় রয়েছেন।
ত্রাণ তহবিল থেকেও সাহায্যের আবেদন
গোপালের চিকিৎসার জন্য মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে আর্থিক সাহায্যের আবেদন জানিয়েছেন কুণাল ঘোষ। বিধায়ক হিসেবে একটি অনুরোধপত্রও নবান্ন এবং সংশ্লিষ্ট দফতরে পাঠানো হয়েছে বলে জানান তিনি। একইসঙ্গে NRS হাসপাতালে ওঠা অভিযোগের তদন্তের দাবিও জানিয়েছেন কুণাল। তাঁর বক্তব্য, সত্যিই যদি ভুল অস্ত্রোপচার হয়ে থাকে, তাহলে এর জন্য দায়ী ব্যক্তিদের চিহ্নিত করা প্রয়োজন।
তবে NRS হাসপাতালে ভুল অস্ত্রোপচার বিষয়টি নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষ বা সংশ্লিষ্ট চিকিৎসকদের বক্তব্য সামনে আসেনি। ফলে তদন্তের ফলেই অভিযোগের সত্যতা এবং অস্ত্রোপচারের প্রকৃত কারণ স্পষ্ট হবে। এই মুহূর্তে অবশ্য গোপাল খানিক স্বস্তি পেয়েছেন। দীর্ঘ টানাপোড়েনের পর গলব্লাডারের স্টোনের অস্ত্রোপচার সফল হওয়ায় দ্রুত সুস্থ হয়ে বাড়ি ফেরার অপেক্ষায় তিনি।


