33 C
Kolkata
Thursday, May 21, 2026
spot_img

একই ট্রেনে কাটা পড়ল দুই যুবক, প্রশ্নের মুখে রেল নিরাপত্তা ?

Aaj India Desk, কলকাতা : শিয়ালদহ দক্ষিণ শাখায় বৃহস্পতিবার বিকেলে মর্মান্তিক দুর্ঘটনায় (Train Accident) প্রাণ হারালেন দুই যুবক। ১১৮৫৭৩ নম্বর বজবজ লোকালের ধাক্কায় বালিগঞ্জ ও পার্ক সার্কাস স্টেশনের কাছে আলাদা দু’টি ঘটনায় ওই দু’জন কাটা পড়েন। ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়। দুর্ঘটনার জেরে ব্যাহত রেল পরিষেবা।

একই ট্রেনে নিহত দুই যুবক

বিকেল প্রায় ৫টা নাগাদ বালিগঞ্জ স্টেশনের কাছে এক যুবক সাইকেল নিয়ে রেললাইন পার হওয়ার সময় বজবজ লোকালের ধাক্কায় (Train Accident) গুরুতর জখম হন। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। এর কিছুক্ষণের মধ্যেই পার্ক সার্কাসের কাছে ওই একই ট্রেনের ধাক্কায় আরও এক যুবক কাটা পড়েন। দুই ঘটনার পরই উদ্ধারকাজ শুরু করে রেল পুলিশ ও বিপর্যয় মোকাবিলা দল।

বালিগঞ্জের ওই অংশে বহু মানুষ নিয়মিতভাবে অনুমোদিত পারাপারের পথ ব্যবহার না করে সরাসরি রেললাইন টপকে যাতায়াত করেন। অনেক ক্ষেত্রেই সময় বাঁচাতে ঝুঁকি নিয়ে সাইকেল বা বাইক নিয়েও লাইন পার হতে দেখা যায়। বৃহস্পতিবারও সেই একই প্রবণতা ভয়াবহ পরিণতি ডেকে আনল বলে মনে করছেন প্রত্যক্ষদর্শীরা।

দুর্ঘটনার (Train Accident) পর এলাকায় ভিড় জমে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় রেল পুলিশ ও উদ্ধারকারী দল। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রস্তুতি শুরু হয়। পাশাপাশি দুই যুবকের পরিচয় জানার চেষ্টা শুরু করেছে পুলিশ।

ব্যাহত ট্রেন চলাচল

দুই দুর্ঘটনার জেরে শিয়ালদহ দক্ষিণ শাখায় সাময়িকভাবে ট্রেন চলাচলে প্রভাব পড়ে। রেল সূত্রে খবর, অন্তত তিনটি ট্রেন মাঝপথে দাঁড়িয়ে যায়। অফিস থেকে ফেরার টাইমে এই ঘটনায় যাত্রীদের দুর্ভোগও বাড়ে। উদ্ধারকাজ শেষ না হওয়া পর্যন্ত সংশ্লিষ্ট লাইনে ট্রেন চলাচল নিয়ন্ত্রিত রাখা হবে বলেই জানানো হয়েছে।

রেল নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন 

এই ঘটনার পর ফের সামনে এসেছে রেল নিরাপত্তা নিয়ে পুরনো প্রশ্ন। স্থানীয়দের একাংশের অভিযোগ, শহরের একাধিক জায়গায় এখনও পর্যাপ্ত সুরক্ষা বেড়া, নজরদারি বা নিরাপদ পারাপারের ব্যবস্থা নেই। কোথাও কোথাও ফুটওভার ব্রিজ থাকলেও তা ব্যবহার না করে সরাসরি ট্র্যাক পার হওয়ার প্রবণতা বহুদিনের।

অন্যদিকে রেল কর্তৃপক্ষের বক্তব্য, নিয়ম ভেঙে ট্র্যাক পার হওয়া বা অসতর্কভাবে লাইনের কাছে চলে যাওয়ার ফলেই অধিকাংশ দুর্ঘটনা ঘটে। রেল বারবার মাইকিং, প্রচার ও সতর্কবার্তার মাধ্যমে সচেতনতা বাড়ানোর চেষ্টা করলেও অনেকেই সেই নির্দেশ মানছেন না। তবে এই দুর্ঘটনার সঠিক কারণ এবং কোনও প্রশাসনিক বা নিরাপত্তাজনিত গাফিলতি ছিল কি না, তা নিয়েও তদন্ত হবে বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন