Aaj India Desk, হুগলি: সরকারি প্রকল্পে মানুষের জন্য কী আছে জানা নেই, তবে কুকুরদের জন্য কিন্তু ফুল ভিআইপি ব্যবস্থা! বৈদ্যবাটির কঠিন বর্জ্য ব্যবস্থাপনা কেন্দ্রে গিয়ে চক্ষু চড়কগাছ বিধায়কের।সেখানে কুকুরদের থাকার আলাদা ঘর, নেট ঘেরা স্পেস, এমনকি গরম থেকে বাঁচাতে এসিও বসানো।প্রশ্ন এখন একটাই এবার কি কুকুরদের জন্য আলাদা ওয়াই-ফাই আর Netflix-ও আসছে?
মানুষ গরমে হাঁসফাঁস করছে, আর সরকারি জায়গায় কুকুরের জন্য এসি চলছে। বৈদ্যবাটির বর্জ্য ব্যবস্থাপনা কেন্দ্রে গিয়ে এমন দৃশ্য দেখেই ক্ষোভ উগরে দিলেন চাঁপদানির বিজেপি বিধায়ক দিলীপ সিং।তাঁর অভিযোগ, সরকারি প্রকল্পের ভিতরে তৈরি হয়েছে জিম, কুকুর রাখার আলাদা জায়গা, এমনকি এসি-সহ বিশেষ ব্যবস্থা। বিধায়কের দাবি, এটি চাঁপদানির প্রাক্তন বিধায়কের বিলাসবহুল আস্তানা হিসেবেই ব্যবহার হত।
দিলীপ সিংয়ের কথায়,”সরকারি সম্পত্তি ব্যক্তিগত আরামের জায়গা হতে পারে না। এখনও সেই জায়গার চাবি তাঁদের কাছেই রয়েছে, কুকুরও রাখা আছে। পুরো ঘটনার তদন্ত হবে, কাউকে রেয়াত করা হবে না।”ঘটনায় দায় এড়ন বৈদ্যবাটি পুরসভারও। পুরসভার চেয়ারম্যানের দাবি, প্রায় তিন বছর আগেই পুরো ইউনিটটি একটি বেসরকারি সংস্থার হাতে তুলে দেওয়া হয়েছে। সেই জায়গায় কী হচ্ছে, কী কী পরিকাঠামো রয়েছে, সবটাই এখন ওই সংস্থার নিয়ন্ত্রণে। পুরসভার কোনও ভূমিকা নেই বলেই স্পষ্ট জানিয়েছেন তিনি।
অন্যদিকে, অভিযোগের তির যাঁর দিকে, তিনি হলেন প্রাক্তন বিধায়ক অরিন্দম গুঁই অবশ্য সরাসরি কোনও মন্তব্য করতে চাননি তিনি। তিনি বলেন, “বিষয়টি খোঁজ নিয়ে তারপর বলব।” তবে কুকুরের জন্য এসি থেকে শুরু করে সরকারি জায়গায় বিশেষ বন্দোবস্ত এই ঘটনা ঘিরে রাজনৈতিক মহলে এখন শুরু হয়েছে জোর চর্চা চলছে।


