Aaj India Desk,হুগলি: ভোট প্রচারের সময় বিজেপি কর্মীদের উপর হামলার অভিযোগ উঠেছিল বৈদ্যবাটির কাউন্সিলার রাজু পাড়ুই ওরফে চন্ডের বিরুদ্ধে।সেই ঘটনার জেরেই শনিবার গ্রেপ্তার হন তিনি। আর এরপরই রবিবার বৈদ্যবাটিতে বিজেপি শিবিরে দেখা গেল আনন্দ উচ্ছ্বাসের ছবি। লাড্ডু বিলি করে কার্যত উদযাপন করছে দলীয় কর্মী সমর্থকরা।
গত ২৬ এপ্রিল ভোট প্রচারের সময় বিজেপি কর্মীদের উপর হামলার অভিযোগ ওঠে বৈদ্যবাটির তৃণমূল কাউন্সিলার রাজু পাড়ুই ওরফে চন্ডের বিরুদ্ধে। ওই ঘটনায় শেওড়াফুলি মণ্ডলের প্রাক্তন সভাপতি স্নেহাংশু মোহন্ত অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতে শনিবার রাতে বৈদ্যবাটি পুরসভার ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলারকে গ্রেপ্তার করে শ্রীরামপুর থানার পুলিশ। রবিবার তাঁকে শ্রীরামপুর আদালতে তোলা হয়।
চন্ডের গ্রেপ্তারের খবর সামনে আসতেই বিজেপি শিবিরে উচ্ছ্বাস দেখা যায়। দলের কর্মী-সমর্থকদের একাংশের দাবি, জনপ্রতিনিধি হয়েও দীর্ঘদিন ধরে এলাকায় দাদাগিরির রাজনীতি চলছিল। তৃণমূলের মদতেই তাঁর প্রভাব বেড়েছিল বলেও অভিযোগ তোলেন বিজেপি নেতারা। সেই কারণেই গ্রেপ্তারের পর রবিবার বৈদ্যবাটির একাধিক এলাকায় লাড্ডু বিলি করে আনন্দ প্রকাশ করেন বিজেপি কর্মী সমর্থকরা।


