Aaj India Desk,কলকাতা: আজ কালীঘাটে পরাজিত প্রার্থীদের নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক করলেন তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বৈঠকে তিনি দলের নেতানেত্রীদের উদ্দেশে স্পষ্ট ও কড়া বার্তা দেন দলের অভ্যন্তরীণ শৃঙ্খলা, সংগঠন পুনর্গঠন এবং ভবিষ্যৎ কৌশল নিয়ে ভাবার বিষয়ে।
মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) দলের কর্মীদের উদ্দেশে কড়া অবস্থান নেন। তিনি বলেন, “যাঁরা বেরিয়ে যাওয়ার তাঁরা বেরিয়ে চলে যান, আমি কাউকে আটকাব না। যারা পড়ে থাকবেন তারা নিরেট সোনা।” তাঁর এই মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে ইতিমধ্যেই জোর চর্চা শুরু হয়েছে। তবে কি দলকে নতুন করে গড়ে তোলার ইঙ্গিত দিয়েছেন তিনি?
তিনি নির্দেশ দেন, দলের ভেঙে পড়া সংগঠনকে দ্রুত মেরামত করার জন্য মাঠে নামতে হবে। তিনি বলেন , “প্রায়োজনে পার্টি অফিস রঙ করুন, ভেঙে যাওয়া অংশ সারিয়ে তুলুন। আমি নিজে পার্টি অফিস রঙ করব।” তাঁর এই বক্তব্যে সংগঠনকে পুনরুজ্জীবিত করার চেষ্টা স্পষ্ট হয়ে ওঠে।
একইসঙ্গে তিনি বলেন, “অনেকেই এখন রঙ বদলাচ্ছে, তারা চলে যান,যারা দলবিরোধী মনোভাব নিয়ে কাজ করছেন বা অন্যদিকে ঝুঁকছেন, তারা চাইলে চলে যেতে পারেন। তবে যারা দলের সঙ্গে থাকবেন, তাদের নিয়েই নতুন করে সংগঠনকে শক্তিশালী করা হবে বলে জানান তৃণমূল নেত্রী।”
এক কথায় পরাজিত প্রার্থীদের সামনে সরাসরি এমন কড়া বার্তা দিয়ে নেতৃত্ব স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে যে, দলীয় শৃঙ্খলা এবং একনিষ্ঠতা নিয়ে কোনো আপস করা হবে না অনেকে এমন টাই মনে করছেন। তবে এই বৈঠকের পর তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরীণ পরিস্থিতি কোন দিকে মোড় নেয়, তা নিয়ে রাজনৈতিক মহলে কৌতূহল তৈরি হয়েছে।


