Aaj India Desk, নয়া দিল্লি : দীর্ঘ চার বছর পর শেষপর্যন্ত দেশজুড়ে পরিবর্তন হলো জ্বালানির খুচরো দাম। পেট্রল ও ডিজেলের দামে (Petrol Price) লিটারপিছু প্রায় ৩ টাকা বৃদ্ধি ঘোষণা করল তেল বিপণন সংস্থাগুলি। আমদানি ব্যয়ের চাপ বাড়তে থাকায় শুক্রবার থেকেই চালু হয়েছে এই নতুন দাম।
কোথায় কত বাড়ল দাম ?
- কলকাতা : নতুন দরে কলকাতায় পেট্রলের দাম দাঁড়িয়েছে লিটারপিছু ১১২.০৩ টাকা। এক ধাক্কায় দাম বেড়েছে ৩.২৯ টাকা। ডিজেলের দাম বেড়ে হয়েছে ৯৮.২৪ টাকা, বৃদ্ধি ৩.১১ টাকা।
- দিল্লি : দিল্লিতে পেট্রলের নতুন দাম হয়েছে ১০০.৭৭ টাকা প্রতি লিটার এবং ডিজেলের দাম ৯৩.৬৭ টাকা।
- চেন্নাই : চেন্নাইয়ে পেট্রল বিক্রি হচ্ছে প্রতি লিটারে ১০৭ টাকা। এক ধাক্কায় দাম বেড়েছে ৩.১০ টাকা।ডিজেলের দাম দাঁড়িয়েছে ৯৮.৫৫ টাকা।
দেশের একাধিক শহরে পেট্রলের দাম (Petrol Price) ইতিমধ্যেই ১০০ টাকার গণ্ডি পেরিয়েছে। হায়দ্রাবাদ, পাটনা, জয়পুর, নয়ডা জাতীয় শহরে শহরের সাধারণ মানুষদের পকেটে ক্রমাগত চাপ বাড়ছে।
কেনো বাড়ছে দাম ?
২০২২ সালের এপ্রিল থেকে কার্যত অপরিবর্তিত ছিল পেট্রল ও ডিজেলের খুচরো দাম (Petrol Price)। ২০২৪ সালের লোকসভা ভোটের আগে একবার ২ টাকা কমানো হলেও তার পরে আর কোনও সংশোধন হয়নি। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের সময় আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বাড়লেও কেন্দ্র ও রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলি দীর্ঘদিন সেই চাপ নিজেদের উপর বহন করেছিল। কিন্তু পশ্চিম এশিয়ার নতুন সংঘাত পরিস্থিতিতে আবারও আন্তর্জাতিক বাজারে তেলের দাম দ্রুত বাড়তে শুরু করেছে।
ফেব্রুয়ারিতে ভারতের ক্রুড অয়েল বাস্কেটের গড় দাম ছিল ব্যারেলপিছু প্রায় ৬৯ ডলার। বর্তমানে তা বেড়ে ১১৩-১১৪ ডলারের কাছাকাছি পৌঁছেছে বলে সরকারি সূত্রের দাবি।
মূল্যবৃদ্ধির প্রভাব কোথায় পড়বে ?
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নাগরিকদের জ্বালানি ব্যবহার কমানোর আহ্বান জানিয়েছেন। বিদেশি মুদ্রার উপর চাপ কমাতে সাশ্রয়ী ব্যবহারের পরামর্শও দিয়েছে কেন্দ্র। তবে হঠাৎ এই দাম বৃদ্ধিতে মধ্যবিত্ত ও নিম্নআয়ের মানুষের মাসিক খরচের উপর অতিরিক্ত চাপ বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে। জ্বালানির দাম বৃদ্ধির সরাসরি প্রভাব পড়বে পরিবহণ খরচ, পণ্য পরিবহণ এবং দৈনন্দিন বাজারদরে। এর ফলে খাদ্যদ্রব্য থেকে শুরু করে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামেও চাপ তৈরি হতে পারে। একই সঙ্গে মূল্যবৃদ্ধি নিয়ে মুদ্রাস্ফীতির আশঙ্কাও বাড়ছে। কারণ ভারতের জ্বালানি আমদানির বড় অংশই বিদেশ নির্ভর।


