Aaj India Desk, দক্ষিণ ২৪ পরগনা : দক্ষিণ ২৪ পরগনার সোনারপুরের রাধানগর এলাকায় বুধবার সকালে একটি মালবাহী ট্রাক (Illegal Truck) সরু রাস্তায় প্রবেশ করায় তৈরি হয় ব্যাপক যানজট। ঘটনায় দীর্ঘক্ষণ রাস্তা আটকে থাকায় বিষয়টি নিয়ে ক্ষোভ তৈরি হয় স্থানীয়দের মধ্যে।
বুধবার ট্রাকটি রাস্তায় ঢোকার পর দুই দিক থেকেই যান চলাচল কার্যত বন্ধ হয়ে যায়। রাস্তাটি সরু হওয়ায় অন্য কোনও গাড়ি পাশ কাটিয়ে যেতে পারেনি। কিছু সময়ের জন্য অটো চলাচলও বন্ধ হয়ে যায়। ফলে বহু যাত্রী মাঝরাস্তায় নেমে হাঁটতে বাধ্য হন। কাজের দিন সকাল ১০ টা নাগাদ ঘটনাটি ঘটায় বহু অফিস যাত্রী ও স্কুল পড়ুয়ারা অসুবিধায় পড়েন।
এলাকাবাসীদের একাংশের দাবি, সকাল ১০টার পরে প্রায়ই এলাকায় এই ধরনের ভারী যানবাহন প্রবেশ করে। এর আগেও এই নিয়ে সমস্যা হয়েছে। বিশেষ করে স্কুল ও অফিসের ব্যস্ত সময়ে ট্রাক (Illegal Truck) ঢোকায় পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। বহু ছাত্রছাত্রী দেরিতে স্কুলে পৌঁছয় বলেও জানা গিয়েছে। সাথে এলাকার চারপাশে কোনো ট্রাফিক পুলিশ বা সিগন্যালের ও ব্যবস্থা নেই। ফলে আরও সমস্যায় পড়েন স্থানীয়রা। এক স্থানীয় অফিস যাত্রীর বক্তব্য, “ট্রাক চালকদের বারণ করা হলেও তারা বেপরোয়া। সরকারি তরফে কোনও শাস্তি দেওয়া হয় না তাই এরাও এই ধরনের কাজ করতে থাকে।”
উল্লেখ্য, সরকারি নিয়ম অনুযায়ী, সকাল ৬ টার পর থেকে রাত ১০ টা পর্যন্ত মালবাহী ট্রাক চালানো আইনত নিষিদ্ধ। অথচ একাধিক জায়গায় অবৈধভাবে সকাল ও দুপুরেও এই ধরনের মালবাহী ট্রাক (Illegal Truck) ও গাড়ি চালানো হয়। স্থানীয়রা ট্রাফিক পুলিশে নালিশ জানালেও এই নিয়ে প্রশাসনের তরফে কোনও কড়া পদক্ষেপ নেওয়া হয়নি। ফলে আইনের চোখে ধুলো দিয়ে এই ধরনের অবৈধ ট্রাক চলাচল চলতেই থাকে। নিয়ম ভেঙে এই ভাবে ভারী যানবাহন প্রবেশ করলে ভবিষ্যতে আরও বড় সমস্যা বা দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। ফলে একাধিক জায়গায় ট্রাফিক নিয়ন্ত্রণে কড়া পদক্ষেপেরও দাবি উঠেছে। তবে ট্রাফিক পুলিশের পক্ষ থেকে এই বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।


