Aaj India Desk, কলকাতা: পুরনিয়োগ দুর্নীতি মামলায় গ্রেপ্তার হন রাজ্যের প্রাক্তন দমকল মন্ত্রী সুজিত বসু (Sujit Bose)। এইবার তাকে নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে চায় ইডি (ED)। মঙ্গলবার কলকাতার ব্যাঙ্কশাল আদালতে (Bankshall Court) তাঁকে হাজির করিয়ে ১০ দিনের নিজেদের হেফাজতের আবেদন জানায় এই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সোমবার রাতেই তাঁকে গ্রেপ্তার করা হয়েছিল।
আদালতে ইডির পক্ষের আইনজীবী ধীরাজ ত্রিবেদী জানান, তদন্তে ইতিমধ্যেই বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য উঠে এসেছে। সেই বিষয়গুলি নিয়ে আরও বিস্তারিতভাবে জেরা করার প্রয়োজন রয়েছে। এছাড়া সুজিত বসু প্রভাবশালী ব্যক্তি হওয়ায় তিনি তদন্তের উপর প্রভাব ফেলতে পারেন বলেও আশঙ্কা প্রকাশ করে ইডি। তদন্তকারী সংস্থার দাবি, বাইরে থাকলে তথ্যপ্রমাণ নষ্ট হওয়ার সম্ভাবনাও রয়েছে। তাই তাঁকে নিজেদের হেফাজতে রাখার আবেদন জানানো হয়েছে।
তবে এই দাবির তীব্র বিরোধিতা করেন সুজিতের আইনজীবী। তিনি আদালতে বলেন, যেসব নথিকে ভিত্তি করে ইডি এই গ্রেপ্তার করেছে, সেগুলি বহু আগেই তদন্তকারীদের হাতে ছিল। ২০২২-২৩ সাল থেকেই সেই তথ্য তাদের কাছে রয়েছে। তাহলে এতদিন পরে হঠাৎ গ্রেপ্তারের প্রয়োজন কেন পড়ল, সেই প্রশ্ন তোলেন তিনি। তাঁর অভিযোগ, তদন্তের স্বার্থের চেয়ে অন্য কোনও উদ্দেশ্য থেকেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
ইডির দাবি ছিল, সুজিত বসু তদন্তে হস্তক্ষেপ করতে পারেন। এর জবাবে তাঁর আইনজীবী বলেন, মামলা দীর্ঘদিন ধরে চলছে, অথচ এতদিনে কখনও তাঁর মক্কেলের বিরুদ্ধে তদন্তে বাধা দেওয়ার অভিযোগ ওঠেনি। পাশাপাশি তিনি আরও জানান, সিবিআইয়ের চার্জশিটেও সুজিত বসুর নাম নেই। যদিও, দুই পক্ষের দীর্ঘ সওয়াল-জবাবের পর আদালত এখনও পর্যন্ত কোনও চূড়ান্ত নির্দেশ দেয়নি।


