Aaj India Desk, কলকাতা : বিধানসভা নির্বাচনের সময় ইভিএম নিয়ে ‘ভুয়ো প্রচার’ ও বিভ্রান্তি ছড়ানোর অভিযোগে মঙ্গলবার কলকাতা পুলিশের সাইবার ক্রাইম থানার হাতে গ্রেপ্তার হলেন ‘বাংলা পক্ষের’ প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক গর্গ চট্টোপাধ্যায় (Garga Chatterjee)। দেশপ্রিয় পার্ক সংলগ্ন এলাকা থেকে তাঁকে আটক করা হয়। বুধবার তাঁকে আদালতে পেশ করা হবে।
কেনো গ্রেপ্তার গর্গ চট্টোপাধ্যায় ?
ভোট চলাকালীন এবং গণনার দিন গর্গ চট্টোপাধ্যায় (Garga Chatterjee) একাধিক সোশ্যাল মিডিয়া পোস্টে ইভিএমের কার্যকারিতা ও নির্বাচন প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন। নির্বাচন কমিশনের অভিযোগ, এই পোস্টগুলি জনমানসে বিভ্রান্তি তৈরি করেছে। গত ২৩ এপ্রিল, প্রথম দফার ভোটের দিন সকালে একাধিক বুথে ইভিএম বিভ্রাটের অভিযোগ ওঠে। সেই প্রসঙ্গ তুলে গর্গ সোশ্যাল মিডিয়ায় প্রশ্ন করেছিলেন, রাতে সমস্ত পরীক্ষা সম্পন্ন হওয়ার পরও সকালে কেন ইভিএম বিকল হল। পাশাপাশি ভোটারদের ভিভিপ্যাট স্লিপ খতিয়ে দেখার পরামর্শও দেন তিনি। গণনার দিনও তিনি নির্বাচন কমিশনকে নিশানা করে পোস্ট করেন।
কলকাতা উত্তরের জেলা নির্বাচনী আধিকারিকের অভিযোগের ভিত্তিতে বিষয়টি খতিয়ে দেখা শুরু করে কলকাতা পুলিশের সাইবার ক্রাইম বিভাগ। তদন্তের পর মঙ্গলবার গর্গ চট্টোপাধ্যায়কে গ্রেপ্তার করা হয়।মঙ্গলবার রাতে তাঁকে লালবাজারের লক-আপে রাখা হয়। বুধবার আদালতে তোলার পর পুলিশ হেফাজতের আবেদন করা হতে পারে।
উদ্ধার ২৪ রাউন্ড কার্তুজ
এই ঘটনায় নতুন মাত্রা যোগ হয়েছে গর্গের ব্যক্তিগত নিরাপত্তারক্ষী বা পিএসও-র কাছ থেকে ২৪ রাউন্ড কার্তুজ উদ্ধারের অভিযোগ ঘিরে। তদন্তকারীরা খতিয়ে দেখছেন, উদ্ধার হওয়া কার্তুজের সঙ্গে মামলার কোনও প্রত্যক্ষ যোগ রয়েছে কি না।
নির্বাচনের আগে থেকেই ‘বাংলা পক্ষ’-এর সঙ্গে নির্বাচন কমিশনের মতবিরোধ সামনে আসে। পয়লা বৈশাখ উপলক্ষে সংগঠনের একটি শোভাযাত্রার অনুমতি কমিশন দেয়নি বলে অভিযোগ ওঠে। তখন বাংলা পক্ষ দাবি করেছিল, আদর্শ আচরণবিধির আড়ালে বাঙালি সংস্কৃতির উপর হস্তক্ষেপ করা হচ্ছে। কমিশনের বক্তব্য ছিল, নির্বাচনী বিধি কার্যকর থাকায় অনুমতি দেওয়া সম্ভব হয়নি। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ইভিএম সংক্রান্ত পোস্টগুলির নেপথ্যে সংগঠিত কোনও পরিকল্পনা বা বৃহত্তর ষড়যন্ত্র ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্তের স্বার্থে গর্গ চট্টোপাধ্যায়কে আরও জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানা গিয়েছে।
উল্লেখ্য, ২০১৭ সালে প্রতিষ্ঠিত ‘বাংলা পক্ষ’ মূলত বাঙালি ভাষা, সংস্কৃতি ও আঞ্চলিক অধিকারের প্রশ্নে আন্দোলন করে আসছে। সংগঠনটি দীর্ঘদিন ধরেই সরকারি ও বেসরকারি চাকরিতে বাঙালিদের অগ্রাধিকার, প্রশাসনিক কাজে বাংলা ভাষার বাধ্যতামূলক ব্যবহার এবং স্কুলে বাংলা শিক্ষাকে আবশ্যিক করার দাবি জানিয়ে এসেছে। তবে গর্গ চট্টোপাধ্যায়ের (Garga Chatterjee) বিরুদ্ধে তৃনমূল কংগ্রেসের ঘনিষ্ঠতার অভিযোগও ওঠে। যদিও সেই অভিযোগ নিয়ে প্রকাশ্যে কোনও প্রতিক্রিয়া দেননি তিনি।


