Aaj India Desk,কলকাতা :আজ নবান্ন-এ সমগ্র রাজ্যের প্রশাসনিক পরিস্থিতি ও আইন শৃঙ্খলা ব্যবস্থা নিয়ে একটি গুরুত্বপূর্ণ বৈঠক করলেন মুখ্যমন্ত্রী।বৈঠকে উপস্থিত ছিলেন মুখ্যসচিব শ্রী দুষ্মন্ত নারিয়ালা (IAS), স্বরাষ্ট্রসচিব শ্রীমতী সঙ্ঘামিত্রা ঘোষ (IAS), রাজ্যের ডিজিপি শ্রী সিদ্ধিনাথ গুপ্ত (IPS) এবং কলকাতা পুলিশ-এর পুলিশ কমিশনার শ্রী অজয় নন্দ (IPS)। রাজ্যের বর্তমান প্রশাসনিক কার্যক্রম, নাগরিক নিরাপত্তা,অপরাধ নিয়ন্ত্রণ, সরকারি প্রকল্প নিয়ে আলোচনা হয় বৈঠকে।
প্রথম ক্যাবিনেট বৈঠকের পর বড় ঘোষণা করলেন নতুন মুখ্যমন্ত্রী। তিনি জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)-র দেওয়া প্রতিশ্রুতিকে সম্মান জানিয়েই রাজ্য সরকার পশ্চিমবঙ্গে আয়ুষ্মান ভারত (Ayushman Bharat) চালুর সিদ্ধান্ত নিয়েছে। খুব দ্রুত কেন্দ্রীয় স্বাস্থ্য দপ্তরের সঙ্গে প্রয়োজনীয় সমস্ত প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন করা হবে বলেও জানানো হয়েছে। এই কাজে স্বাস্থ্যসচিব ও মুখ্যমন্ত্রীর দপ্তরের উপদেষ্টাদের যৌথভাবে দায়িত্ব দেওয়া হয়েছে।
পাশাপাশি তিনি এও বলেন, পশ্চিমবঙ্গের মানুষের কাছে প্রধানমন্ত্রী যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, আজ সেই অঙ্গীকার পূরণের পথে প্রথম পদক্ষেপ নিল রাজ্যের নতুন সরকার। সাধারণ মানুষের স্বাস্থ্য পরিষেবা, সামাজিক সুরক্ষা এবং উন্নয়নমূলক সুবিধা নিশ্চিত করতেই এই সিদ্ধান্ত।শুধু আয়ুষ্মান ভারতই নয়, কেন্দ্রের একাধিক গুরুত্বপূর্ণ জনকল্যাণমূলক প্রকল্পের সঙ্গেও যুক্ত হওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। এর মধ্যে রয়েছে প্রধানমন্ত্রীর জন আরোগ্য যোজনা (Pradhan Mantri Jan Arogya Yojana), প্রধানমন্ত্রীর ফসল বীমা যোজনা (Pradhan Mantri Fasal Bima Yojana), প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনা ( PM Vishwakarma Yojana), বেটি বাঁচাও বেটি পড়াও ( Beti Bachao Beti Padhao) এবং উজালা প্রকল্প ( UJALA Scheme)-র মতো একাধিক প্রকল্প।
কেন্দ্র ও রাজ্যের যৌথ উদ্যোগে এই প্রকল্পগুলি চালু হলে স্বাস্থ্য, কৃষি, নারীশিক্ষা, ক্ষুদ্র শিল্প এবং সাধারণ মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে বড় প্রভাব পড়তে পারে। নতুন সরকারের এই সিদ্ধান্তকে ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক ও প্রশাসনিক মহলে জোর আলোচনা শুরু হয়েছে।


