Aaj India Desk, কলকাতা: কাউন্টডাউন প্রায় শেষ। আর মাত্র কয়েক ঘণ্টা অপেক্ষা। মানুষ ভোট দিয়ে নিজের মত জানিয়ে দিয়েছেন, এখন শুধু সেই ফল ঘোষণার পালা। আগামী ৪ মে জানা যাবে বাংলার মানুষ কাকে বেছে নিল-পরিবর্তন, না কি আবার পুরনো সরকারকেই ফিরিয়ে আনা? তার আগে দলকে প্রস্তুত করতে মাঠে নেমেছেন মমতা ব্যানার্জি (Mamata Banerjee)। আজ তৃণমূল (TMC)-এর সব কাউন্টিং এজেন্টদের নিয়ে একটি ভার্চুয়াল বৈঠক করেন তিনি। সেখানে ধাপে ধাপে বুঝিয়ে দেন, গণনা কেন্দ্রে কীভাবে কাজ করতে হবে, কী কী বিষয়ে নজর রাখতে হবে, এমনকি কী খাবেন-সব কিছু নিয়েই স্পষ্ট নির্দেশ দেন।
বৈঠকের শুরুতেই মমতা বলেন, তাঁর দল বড় ব্যবধানে জিততে চলেছে, ২০০-র বেশি আসন পাওয়ার ব্যাপারেও তিনি আত্মবিশ্বাসী। যাঁরা দিনরাত পরিশ্রম করেছেন, তাঁদের পুরস্কৃত করার কথাও জানান তিনি। একইসঙ্গে কড়া নির্দেশ-গণনা পুরো শেষ না হওয়া পর্যন্ত কোনও এজেন্ট যেন কেন্দ্র ছেড়ে না যান। প্রয়োজনে রাত ২টো হলেও সেখানেই থাকতে হবে। তিনি আরও বলেন, যেসব আসনে খুব কম ভোটের ব্যবধান থাকবে, সেখানে অবশ্যই রিকাউন্টিং বা পুনরায় গণনার দাবি তুলতে হবে। বিশেষ করে ২০০-৩০০ ভোটের ব্যবধান থাকলে বিষয়টি নিয়ে সতর্ক থাকতে বলেন।
এজেন্টদের জন্য খাবার নিয়েও আলাদা করে সতর্ক করেন তিনি। বাড়ি থেকে খাবার নিয়ে যাওয়ার পরামর্শ দেন, আর দুপুরে হালকা খাবার খেতে বলেন। আগের দিন থেকে পান, জর্দা বা অন্য কোনও নেশাজাতীয় কিছু না খাওয়ার নির্দেশও দেন। বাইরের খাবার একেবারেই না খাওয়ার পরামর্শ-কারণ তাতে কিছু মিশিয়ে দেওয়ার আশঙ্কা থাকতে পারে।
এছাড়াও তিনি বলেন, গণনার দিন ভোর ৫টার মধ্যেই কেন্দ্র পৌঁছে যাওয়ার কথাও বলেন তিনি। কারণ স্ট্রং রুম থেকে যখন ইভিএম মেশিন বের করে আনা হয়, তখন কোনও গন্ডগোল বা বদল যাতে না হয়, সে দিকে নজর রাখা জরুরি। শেষে এক্সিট পোল নিয়ে তিনি বলেন, এসব নিয়ে মাথা ঘামানোর দরকার নেই। তাঁর মতে, এসব মূলত বাজার বা স্টক মার্কেট সামলানোর জন্য দেখানো হয়, বাস্তব ফলের সঙ্গে এর মিল নাও থাকতে পারে।


