কলকাতা: বিষ্যুদবারের রাত, তুমুল ঝড়বৃষ্টি, বজ্রপাত! তার মাঝেই হাইভোল্টেজ ড্রামার সাক্ষী থাকলো তিলোত্তমা। ভোটের ফলাফলের আগে দক্ষিণ কলকাতার সাখাওয়াত মেমোরিয়াল স্কুলের ভোটগণনা কেন্দ্রের স্ট্রংরুমে চার ঘন্টা ঠায় বসে থাকলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। শুক্রবার সমাজমাধ্যমে এই নিয়ে পোস্ট করলেন ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিদ্বন্দ্বী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।
এক্সের পোস্টে মমতাকে বিঁধে শুভেন্দু লেখেন, “উনি যতোই চেষ্টা চালান না কেন, কোনো রকম নিয়ম বহির্ভূত কাজ তিনি করতে পারেন নি।” এরপর শুভেন্দু (Suvendu Adhikari) লেখেন, “উনি যতক্ষণ স্ট্রং রুম প্রাঙ্গণে উপস্থিত ছিলেন, আমার ইলেকশন এজেন্ট অ্যাডভোকেট সূর্যনীল দাস নিজে উপস্থিত থেকে ওনাকে কড়া নজরদারির মধ্যে রেখেছিলেন যাতে উনি কোনো অসৎ উপায় অবলম্বন করতে না পারেন…”।
X Link: https://x.com/SuvenduWB/status/2049933852186141128
প্রসঙ্গত, গতকাল বিকেলে নিজের এক্স হ্যান্ডেলে দলের প্রার্থী ও কর্মীদের উদ্দেশ্যে সতর্কবার্তা দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। ষড়যন্ত্রের আশঙ্কা করে প্রার্থী ও কর্মীদের রাত জেগে স্ট্রং রুম পাহারা দিতে বলেন। এমনকি জানিয়ে দেন, তিনি নিজে রাত জেগে স্ট্রং রুম পাহারা দেবেন। এর কয়েকঘন্টার মধ্যেই নেতাজি ইন্ডোরের বাইরে ধর্নায় বসেন কুণাল ঘোষ ও শশী পাঁজা। তাঁদের অভিযোগ ছিল, বিজেপি ও নির্বাচন কমিশনের অফিসের পক্ষ থেকে সংশ্লিষ্ট দলের প্রতিনিধিদের উপস্থিতি ছাড়াই স্ট্রং রুমে ইভিএম খোলা হচ্ছে।
এর কিছুক্ষণের মধ্যেই রওনা দেন বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। দক্ষিণ কলকাতার সাখাওয়াত মেমোরিয়াল স্কুলের ভোটগণনা কেন্দ্রের স্ট্রংরুমে মমতা ঢোকার পর বাইরে তৃণমূলের প্রচার ভ্যান পৌঁছে যায়। পুলিশ কেন সেটাকে ঢুকতে দিল সেই নিয়ে বিক্ষোভ শুরু করে বিজেপি। পরিস্থিতি উত্তাল হয়ে ওঠে।


