Aaj India Desk, উত্তর দিনাজপুর : পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন ২০২৬-এর প্রথম দফার ভোটের পর উত্তর দিনাজপুরের ইটাহারে (Itahar) ফের শুরু বিতর্ক। রোড শো চলাকালীন তৃনমূল কংগ্রেসের বিধায়ক নিজের ড্রাইভারকেই লাথি মারার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ায় রাজনৈতিক মহলে শুরু হয় তীব্র সমালোচনা।
কী ঘটেছিল ?
ভিডিওতে (ভিডিওটির সত্যতা AAJ INDIA যাচাই করেনি) দেখা যায়, ইটাহার (Itahar) এলাকায় তৃণমূলের প্রচার কর্মসূচির সময় তৃনমূল কংগ্রেসের বিধায়ক মোশারফ হোসেন ফুল দিয়ে সাজানো জিপের বনেটে দাঁড়িয়ে রোড শো চালাচ্ছিলেন। গাড়ি চলন্ত অবস্থায় হঠাৎ ব্রেক কষায় তাঁর ভারসাম্য হারিয়ে যায় ও তিনি জিপের বনেট থেকে পিছলে যান। এর কিছুক্ষণ পরেই তিনি ড্রাইভারের দিকে লাথি ছোড়েন।
সোশ্যাল মিডিয়ায় ভিডিওটি দ্রুত ছড়িয়ে পড়ে। বিরোধী দলগুলি এটিকে ক্ষমতার অপব্যবহার এবং কর্মীদের প্রতি অসম্মানজনক আচরণ বলে উল্লেখ করে। তবে ঘাসফুল শিবিরের পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি।
কেনো চাপে বিধায়ক ?
উল্লেখ্য, পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন দুই দফায় অনুষ্ঠিত হচ্ছে। প্রথম দফার ভোট ২৩ এপ্রিল সম্পন্ন হয়েছে। দ্বিতীয় দফার ভোট হবে আগামী ২৯ এপ্রিল। ভোট গণনা ৪ মে। ইটাহার (Itahar) এলাকা তৃণমূল কংগ্রেসের শক্ত ঘাঁটি হলেও প্রথম দফাতেই এখানে ভোটগ্রহণ পর্ব শেষ হয়েছে। তবে এই ঘটনায় অন্যান্য এলাকার ভোট গ্রহণ পর্বে প্রভাব পড়তে পারে। নির্বাচনী প্রচারের সময় এই ধরনের ঘটনা প্রার্থীর ভাবমূর্তি ক্ষুণ্ন করবে তা বলাই বাহুল্য।
অন্যদিকে, নির্বাচন কমিশনের নিয়ম অনুসারে প্রার্থী ও নেতাদের আচরণ নির্বাচনী আচরণবিধির অধীনে পরে। যদিও এই ঘটনায় এখনও কোনো আনুষ্ঠানিক অভিযোগ দায়ের হয়নি, তবে এটি জনপ্রতিনিধিদের দায়িত্বশীল আচরণ নিয়ে প্রশ্ন তুলেছে। একজন প্রার্থী ও বিধায়ক হওয়া সত্ত্বেও নিজেরই কর্মীদের সাথে এই ধরনের ঘৃণ্য ব্যবহারে নিন্দায় সরব হয়েছেন বিরোধীরা। কর্মীদের সাথে এই ব্যবহার করলে সাধারণ মানুষকে কিভাবে সেবা করবেন বা তাঁদের সাথে কেমন আচরণ করবেন তা নিয়েও উঠছে প্রশ্ন।


