মুর্শিদাবাদ: বেলা গড়াতেই মুর্শিদাবাদ থেকে উঠে আসছে একাধিক অশান্তি ও অভিযোগের ঘটনা। ইতিমধ্যেই নওদার ঘটনায় ‘অ্যাকশন টেকেন রিপোর্ট’ চেয়েছে নির্বাচন কমিশন। ডোমকলে বাম সমর্থকদের ভোট দিতে না দেওয়ার অভিযোগ সামনে আসে। সেইসঙ্গে জঙ্গিপুরে জঙ্গিপুরের ৬৮ নম্বর বুথে স্লো ভোটিং-এর অভিযোগ ওঠে। এবার বড়ঞায় ইভিএম (EVM) বিভ্রাটের বড়সড় অভিযোগ।
অভিযোগ, বড়ঞা কেন্দ্রের গোদাপাড়া গ্রামের ১৮৬ নম্বর বুথে ইভিএমে (EVM) তৃণমূলের বোতাম টিপলে ভোট পড়ছে বিজেপিতে। ভোট কারচুপির অভিযোগে বুথের বাইরে বিক্ষোভ দেখাতে শুরু করেন একাংশ ভোটার। পরিস্থিতি সামাল দিতে বুথ ঘিরে ফেলে ভোটারদের শান্ত করার চেষ্টা করতে থাকেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ান ও পুলিশ। কিছুক্ষণের জন্য ভোটগ্রহণ ব্যহত হয় ওই কেন্দ্রে।
পাশাপাশি মালদহের মোথাবাড়ি কেন্দ্রে ইভিএম (EVM) বিভ্রাটের দরুন প্রায় দেড় ঘন্টা আটকে থাকে ভোটগ্রহণ। শুধু মালদহ, মুর্শিদাবাদ নয়, নন্দীগ্রাম, রামনগরেও কারচুপির অভিযোগ তুলেছে তৃণমূল। বেলা ১১ টা পর্যন্ত মুর্শিদাবাদে ভোট পড়েছে মোট ৪১.৫৯ শতাংশ।


