Aaj India Desk, কলকাতা: ভারতীয় রেলের (Indian Railways) ১৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক ব্যতিক্রমী পরিচ্ছন্নতা অভিযান চালাল পূর্ব রেলওয়ে (Eastern Railway)। রেল স্টেশন চত্বর ও ট্র্যাকে যত্রতত্র ময়লা-আবর্জনা ফেলা বন্ধ করতে গত ১৬ এপ্রিল, বৃহস্পতিবার দিনভর বিশেষ অভিযান পরিচালিত হয়। এই অভিযানে মোট ১,৪৪৭ জনকে হাতেনাতে ধরা হয়। নিয়ম ভাঙার দায়ে তাঁদের কাছ থেকে মোট ২ লক্ষ ৮৯ হাজার ৪০০ টাকা জরিমানা (Fine) আদায় করা হয়েছে।
পূর্ব রেল সূত্রে জানা গিয়েছে, চারটি ডিভিশনের মধ্যে শিয়ালদহ ডিভিশনেই সবচেয়ে বেশি সংখ্যক যাত্রী ও ব্যবহারকারীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। বিস্তারিত পরিসংখ্যান অনুযায়ী-
• শিয়ালদহ ডিভিশনে ৬১৫টি মামলা দায়ের হয়েছে, জরিমানা আদায় হয়েছে ১ লক্ষ ২৩ হাজার টাকা।
• হাওড়া ডিভিশনে ৪৫৭টি মামলা হয়েছে, সংগৃহীত জরিমানার পরিমাণ ৯১ হাজার ৪০০ টাকা।
• আসানসোল ডিভিশনে ২১৭টি মামলা হয়েছে, আদায় হয়েছে ৪৩ হাজার ৪০০ টাকা।
• মালদহ ডিভিশনে ১৫৮টি মামলা রুজু হয়েছে, জরিমানা বাবদ সংগ্রহ করা হয়েছে ৩১ হাজার ৬০০ টাকা।
রেল কর্তৃপক্ষের বক্তব্য, ট্র্যাকে প্লাস্টিক কিংবা অন্যান্য বর্জ্য পদার্থ ফেলা শুধু পরিবেশের ক্ষতিই করে না, এতে সিগন্যালিং ব্যবস্থাও মারাত্মকভাবে ব্যাহত হতে পারে। পাশাপাশি ট্র্যাকের মান নষ্ট হয়, ট্রেন চলাচলে বিঘ্ন ঘটে এবং যাত্রী নিরাপত্তাও ঝুঁকির মুখে পড়ে।
পূর্ব রেলওয়ের মুখ্য জনসংযোগ আধিকারিক শিবরাম মাঝি জানিয়েছেন, এই জরিমানার উদ্দেশ্য শুধুমাত্র অর্থ আদায় নয়, বরং সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা। তাঁর কথায়, “আমরা এমন একটি পরিবেশ গড়ে তুলতে চাই, যেখানে প্রত্যেক নাগরিক রেল চত্বর পরিষ্কার রাখাকে নিজের নৈতিক দায়িত্ব বলে মনে করবেন।”


