নয়াদিল্লি: সংসদে মহিলা সংরক্ষণ বিল (Women’s Reservation Bill) ভেস্তে যেতেই জয়ের উল্লাস বিরোধী শিবিরে। শাসক এনডিএ জোটকে তুলোধোনা করছেন বিরোধী ইন্ডিয়া জোটের সাংসদরা। গত ১২ বছরে কোনও বিল পাঁশ করাতে গিয়ে এই প্রথম ব্যর্থ হয়েছে শাসক শিবির। যাকে সংসদে নজিরবিহীন ঘটনা বলে মনে করছে বিরোধীরা। পশ্চিমবঙ্গ সহ ৫ রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে ভোটের আবহে মহিলা আবেগকে কাজে লাগাতে চাওয়ার চেষ্টা ব্যর্থ, বলছেন তাঁরা।
এই আবহে তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র (Mahua Moitra) বিজেপির ‘নারীশক্তি প্রীতির’ বাস্তবিক চিত্র তুলে ধরেছেন বলে মনে করছে তৃণমূল। শনিবার এক্সে বিভিন্ন রাজনৈতিক দলের মহিলা সাংসদের শতকরা ভাগ পোস্ট করেন মহুয়া (Mahua Moitra)। যেখানে কংগ্রেস, তৃণমূল, সমাজবাদী পার্টি, ডিএমকে, জেডিইউ, এলজেপি সহ বিজেপির মত সাংসদ ও মহিলা সাংসদের সংখ্যা দেওয়া রয়েছে। বিজেপির মোট ২৪০ জন সাংসদের মধ্যে মহিলা সাংসদের সংখ্যা ৩১। যা ১২.৯০%।
তাৎপর্যপূর্ণভাবে এই সংখ্যা ওই তালিকায় সবচেয়ে কম। মহুয়ার দাবী, শুধু মুখে ‘নারীশক্তি’ নিয়ে ‘জুমলা’ দিলেও আদপে মহিলাদের সাংসদ পদে বসানোর ক্ষেত্রে বিজেপি সকলের নীচে। এক্সের পোস্টটিতে মহুয়া লেখেন, “নরেন্দ্র মোদী জি, লোকসভায় সব দলের মধ্যে আপনার দলেই নারীর হার সর্বনিম্ন। ৫৪৩টি আসনের ভিত্তিতে ‘নারী সংরক্ষণ’ (Women’s Reservation Bill) এখনই কার্যকর করুন! আপনাকে কিসে বাধা দিচ্ছে? কথার মারপ্যাঁচ আর চলবে না।”
X Link: https://x.com/MahuaMoitra/status/2045403083753275904
উল্লেখ্য, মহিলা আসন সংরক্ষণ (Women’s Reservation Bill) ইস্যুতে বিজেপির প্রচারের জবাব দিতে এবার সক্রিয় হচ্ছে বিরোধী শিবিরও। নিজেদের অবস্থান স্পষ্ট করে জনতার সামনে তুলে ধরতে আলাদা আলাদা ভাবে প্রচারের রণকৌশল নিচ্ছে বিভিন্ন বিরোধী দল। তবে এনডিএ-র মতো একত্রে বৈঠকে বসে যৌথ পরিকল্পনা করার পথে আপাতত হাঁটছে না তারা। প্রাথমিকভাবে ঠিক হয়েছে, যে যার রাজ্যে নিজস্ব সংগঠন ও রাজনৈতিক অবস্থান অনুযায়ী প্রচার চালাবে।
অন্যদিকে, বিরোধীদের মূল বার্তা হবে, তারা মহিলা সংরক্ষণের (Women’s Reservation Bill) বিরোধী নয়, তাঁদের আপত্তি ছিল ডিলিমিটেশন বা আসন পুনর্বিন্যাসের প্রস্তাব নিয়ে। তাদের দাবি, ২০২৩ সালে যেমন মহিলা সংরক্ষণ বিলকে সমর্থন জানানো হয়েছিল, এখনও সেই অবস্থানেই অটল রয়েছে বিরোধী জোট।


