Aaj India Desk, কলকাতা : ভোটের দিন ঘিরে রাজ্যের রাজনৈতিক উত্তাপ বাড়তেই, এবার সরাসরি বিজেপির বিরুদ্ধে মানুষদের ভয় দেখানোর অভিযোগ তুললেন তৃণমূল কংগ্রেস নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। সোশ্যাল মিডিয়ায় করা এক পোস্টের মাধ্যমে সরাসরি বিজেপি এবং কেন্দ্রীয় সরকারকে তুলোধোনা করে হুশিয়ারি দেন তিনি।
বিজেপির বিরুদ্ধে ভয় দেখানোর অভিযোগ
শনিবার অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) x (পূর্বে টুইটার) এ একটি পোস্টের মাধ্যমে অভিযোগ করেন, অন্য রাজ্য থেকে আসা কিছু বিজেপি কর্মী ভোটের দিন সাধারণ মানুষকে ঘরে থাকার হুমকি দিচ্ছেন। তাঁর দাবি, ২৩ ও ২৯ এপ্রিলের ভোটকে ঘিরে এই ধরনের ভীতি প্রদর্শন চলছে। তিনি আরও বলেন, এই ধরনের কর্মকাণ্ডের মাধ্যমে ভোট প্রক্রিয়াকে প্রভাবিত করার চেষ্টা করা হচ্ছে।
অভিষেকের পোস্ট – https://x.com/i/status/2045360900329345461
সাবাংয়ের ঘটনা ঘিরে ক্ষোভ
এর আগে পশ্চিম মেদিনীপুরের সাবাং এলাকায় এক তৃণমূল সমর্থকের বাড়িতে ঢুকে হুমকি দেওয়া হয়েছিল। তৃনমূল সমর্থক সাথী গোরাই কুইলার বাড়িতে গিয়ে একটি দুই বছরের ছোট শিশুকন্যার সামনেই তাঁকে অপমান করে ভয় দেখানো হয়। বিজেপি কর্মীরা সেখানে অশালীন ভাষায় গালিগালাজ করে এবং বিভিন্নভাবে হুমকি দেয় বলেও অভিযোগ উঠেছিল। এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলেও নতুন করে বিতর্ক তৈরি হয়েছিল। অভিষেক ব্যানার্জি (Abhishek Banerjee) সেই ঘটনা উল্লেখ করে বলেন, হুমকি বা সন্ত্রাসের মাধ্যমে ভোটের ফল নির্ধারণ করা যাবে না। গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমেই এর জবাব দেওয়া হবে বলে তিনি উল্লেখ করেন। তিনি ভোটারদের উদ্দেশে গণতান্ত্রিক অধিকার প্রয়োগের আহ্বানও জানান।
বিজেপিকে খোলা চ্যালেঞ্জ
এরপর ফল ঘোষণার দিন ৪ মে-কে সামনে রেখে অভিষেক বন্দ্যোপাধ্যায় বিজেপিকে কটাক্ষ করে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দেন। তাঁর বক্তব্য, যাঁদের বিরুদ্ধে রাজ্যে এসে অশান্তি তৈরির অভিযোগ উঠছে, তাঁদের সেই দিন বাংলায় উপস্থিত থেকে জনমতের রায় দেখার জন্য প্রস্তুত থাকা উচিত। তিনি পরিষ্কার বলেন, “ওইদিন রবীন্দ্র সঙ্গীত বাজবে,ডিজে বাজবে, আপনারা তৈরি থাকবেন।” তিনি ইঙ্গিত দেন, গণতান্ত্রিক প্রক্রিয়ায় মানুষই শেষ কথা বলবেন এবং শাসক দলের পক্ষে ভোটের ফলই সব অভিযোগ ও পাল্টা অভিযোগের জবাব দেবে।
অভিষেক আরও বলেন, ভয় দেখানো বা চাপ সৃষ্টি করে নির্বাচনের ফল প্রভাবিত করা সম্ভব নয়। বরং ভোটাররা তাঁদের মতামত ব্যালটের মাধ্যমে স্পষ্টভাবে জানাবেন। তাঁর এই মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে নতুন করে চাপানউতোরের আবহ তৈরি হয়েছে। শাসক ও বিরোধী শিবিরের মধ্যে এই ইস্যুতে পাল্টা প্রতিক্রিয়া ও তর্ক-বিতর্ক বাড়তে পারে বলেই মনে করা হচ্ছে।


