কলকাতা: পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোটগ্রহণে আর বাকি মাত্র ৫ দিন। ভোট জোট এগিয়ে আসছে ততই বাড়ছে রাজনৈতিক উত্তাপ। সেইসঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে শাসক-বিরোধী কর্মী-সমর্থক-প্রার্থীদের হামলার অভিযোগ। রাজ্যের বিভিন্ন প্রান্তে নির্বাচনী প্রচার থেকে পোস্টার লাগানোর সময় কর্মী সমর্থকদের উপর হামলার ঘটনায় একে ওপরের বিরুদ্ধে অভিযোগ তুলছে বিজেপি-তৃণমূল (TMC vs BJP)।
এই আবহে শুক্রবার সবং-এ তৃণমূল কর্মীর উপর হামলার ঘটনায় বাংলায় রাজনৈতিক সন্ত্রাসের অভিযোগ তুলল তৃণমূল। দলের মুখপাত্র তথা বেলেঘাটার প্রার্থী কুণাল ঘোষ সাংবাদিক বৈঠক করে বলেন, “পরাজয় নিশ্চিত জেনেই গণতান্ত্রিক প্রতিযোগিতার পথ ছেড়ে ভীতি প্রদর্শন ও সন্ত্রাসের পথ বেছে নিয়েছে বিজেপি।”
X Link: https://x.com/AITCofficial/status/2045163099829985735
তৃণমূলের তরফে ভিডিও পোস্ট করে লেখা হয়, “অবিলম্বে অভিযুক্তদের জবাবদিহি করতে হবে। যদি তারা ব্যালটের মাধ্যমে জয়ী হতে না পারে, তবে তারা যেন বুলেটের রাজনীতি চাপিয়ে দিতে না পারে। বাংলা রুখে দাঁড়াবে! দৃঢ়ভাবে, ঐক্যবদ্ধভাবে এবং নির্ণায়কভাবে। আমরা কিছুতেই মাথা নত করব না।” বলা বাহুল্য, নির্বাচনী প্রচারে কর্মী-সমর্থক-প্রার্থীদের উপর হামলার অভিযোগ তুলেছে বিজেপিও (TMC vs BJP)। যদিও সবং-এর বিষয়ে বিজেপির এখনও কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।


