Aaj India Desk, হাওড়া: বিধানসভা ভোট (Assembly Election)-কে সামনে রেখে রাজ্যে বেআইনি টাকা চলাচল ঠেকাতে কড়া নজরদারিতে নেমেছে প্রশাসন। সেই অভিযানে বড় সাফল্য পেল রেল সুরক্ষা বাহিনী (RPF)। হাওড়া স্টেশন (Howrah station) সংলগ্ন এলাকা থেকে বিপুল পরিমাণ নগদ অর্থ ও বিদেশি মুদ্রা উদ্ধার করা হয়েছে। ঘটনায় আটক করা হয়েছে দুই সন্দেহভাজন ব্যক্তিকে। বাজেয়াপ্ত হওয়া অর্থের মোট পরিমাণ প্রায় ৭২ লক্ষ ৬ হাজার ৩৪০ টাকা।
সূত্রের খবর, হাওড়া ডিভিশনের বামনগাছি আরপিএফ পোস্টের কর্মীরা নিয়মিত তল্লাশি চালানোর সময় বেনারস ব্রিজ সংলগ্ন রেল ইয়ার্ড এলাকায় দুই ব্যক্তিকে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখেন। আচরণে অসঙ্গতি ধরা পড়ায় তাঁদের থামিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে ব্যাগ তল্লাশি করতেই বেরিয়ে আসে বিপুল পরিমাণ টাকা।
আরপিএফ জানিয়েছে, উদ্ধার হওয়া ভারতীয় মুদ্রার পরিমাণ ৩২ লক্ষ ৩ হাজার ৯০০ টাকা। পাশাপাশি মিলেছে ৪৩ হাজার মার্কিন ডলার, যার ভারতীয় মূল্য প্রায় ৪০ লক্ষ ২ হাজার ৪৪০ টাকা। সব মিলিয়ে মোট উদ্ধার অর্থের অঙ্ক দাঁড়িয়েছে প্রায় ৭২ লক্ষ টাকারও বেশি। আটক দুই ব্যক্তির নাম আশিস শেঠ (৩৯) ও সুমিত ভার্মা (২৩)। দুজনেই উত্তরপ্রদেশের বারাণসীর বাসিন্দা বলে জানা গিয়েছে।
প্রাথমিক তদন্তে উঠে এসেছে, তারা বারাণসী থেকে ডাউন বিভূতি এক্সপ্রেসে হাওড়ার উদ্দেশ্যে এসেছিল। নজরদারি এড়াতে স্টেশনের মূল প্ল্যাটফর্মে নামার বদলে ট্রেন ইয়ার্ডে ঢোকার সময় আগেভাগেই নেমে পড়ে বলে অভিযোগ। তবে আরপিএফের তৎপরতায় সেই পরিকল্পনা ভেস্তে যায়।উদ্ধার হওয়া টাকা ও ডলারের কোনও বৈধ কাগজপত্র দেখাতে না পারায় সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় আয়কর দফতরকে। পরে আয়কর আধিকারিকরা এসে সমস্ত অর্থ নিজেদের হেফাজতে নেন। ভোটের আগে এই বিপুল অর্থ কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল, এর সঙ্গে কোনও বড় চক্র জড়িত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।


