33 C
Kolkata
Friday, April 17, 2026
spot_img

বিকেলে বদলাবে আবহাওয়া, কোন কোন জেলায় ঝড়ের সম্ভাবনা?

Aaj lndia Desk ,কলকাতা: পয়লা বৈশাখের রেশ কাটতে না কাটতেই স্বস্তির হাওয়াটা যেন একটু ছোঁয়া দিয়েই মিলিয়ে গেল। দমকা বাতাস আর হালকা বৃষ্টির পর যে আরাম মিলেছিল, তা শুক্রবারের রোদে আবার উধাও। দুপুর গড়াতেই গুমোট গরমে হাঁসফাঁস করছে গোটা বাংলা।

তবে পুরো দিনটা একঘেয়ে গরমে কাটবে না বলেই ইঙ্গিত দিচ্ছে আবহাওয়া দপ্তর। বিকেলের দিকে আচমকাই হাজির হতে পারে কালবৈশাখী ঝড়ো হাওয়া আর বৃষ্টিতে কিছুটা স্বস্তি ফেরার সম্ভাবনা রয়েছে। কলকাতা (Kolkata)-সহ উত্তর ও দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় এই ঝটিকা পরিবর্তনের পূর্বাভাস মিলেছে।অর্থাৎ, দিনের বেলায় গরমের দাপট, আর সন্ধ্যার মুখে প্রকৃতির পাল্টা চমক এই দুই মেজাজেই কাটতে চলেছে শুক্রবার।

আকাশের বদলে যাওয়া মেজাজে এবার বাংলার বিভিন্ন জেলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া এবং উত্তর ২৪ পরগনায় ঘণ্টায় ৫০-৬০ কিলোমিটার বেগে দমকা ঝড়ো হাওয়ার সঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। কলকাতাতেও হাওয়ার গতি থাকতে পারে ঘণ্টায় ৪০-৫০ কিলোমিটার।উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেখানে ঝড়ো হাওয়ার গতিবেগ হতে পারে ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার।

এছাড়া মালদা, উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুরেও বিক্ষিপ্তভাবে ঝড়-বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর।

সব মিলিয়ে, বিকেলের পরেই বাংলার আকাশে দেখা মিলতে পারে কালবৈশাখীর ঝটিকা রূপ।আবহাওয়ার খাতায় এখন যেন নতুন চিত্রনাট্য লেখা হচ্ছে। দক্ষিণ-পূর্ব রাজস্থান থেকে শুরু করে মণিপুর পর্যন্ত একটি দীর্ঘ অক্ষরেখা বিস্তৃত হয়ে গিয়েছে, যার একেবারে মাঝপথে পড়েছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ। এই অক্ষরেখার সঙ্গে হাত মিলিয়েছে বাংলাদেশের উত্তরাংশ ও সংলগ্ন এলাকায় তৈরি হওয়া একটি ঘূর্ণাবর্ত।এরই মধ্যে Bay of Bengal থেকে লাগাতার জলীয় বাষ্প ঢুকে পড়ছে বায়ুমণ্ডলে। ফলে আকাশের ভাঁজে ভাঁজে জমছে শক্তি, বাড়ছে অস্থিরতা।

এই দুই প্রভাব অক্ষরেখা ও ঘূর্ণাবর্ত একসঙ্গে ‘সাঁড়াশি’ চাপ তৈরি করে বাংলার আবহাওয়াকে করে তুলছে অস্থির। তারই জেরে দানা বাঁধছে কালবৈশাখীর মেঘ, আর তৈরি হচ্ছে ঝড়-বৃষ্টির অনুকূল পরিবেশ। তবে এই অস্থির আবহাওয়ার পালা খুব বেশি দিন নয়। রবিবার থেকেই ছবিটা বদলাতে শুরু করবে বলেই ইঙ্গিত মিলছে। ধীরে ধীরে বিদায় নেবে ঝড়-বৃষ্টি, আকাশ ফিরবে পুরনো ছন্দে আর তার সঙ্গেই ফের মাথাচাড়া দেবে গরম।বিশেষ করে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমান জেলাগুলিতে তাপমাত্রার সঙ্গে বাড়বে আর্দ্রতার অস্বস্তি। ফলে দিন বাড়ার সঙ্গে সঙ্গে গুমোট গরমে হাঁসফাঁস করার পরিস্থিতি তৈরি হতে পারে।অর্থাৎ, স্বস্তির পর্ব শেষ হতে না হতেই আবারও শুরু গরমের নতুন ইনিংস।

 

 

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন