Aaj India Desk, কলকাতা: মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) বনাম অমিত শাহ (Amit Shah)-বাংলার ভোটের ময়দানে এই দ্বৈরথই এখন সবচেয়ে বেশি চর্চায়। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর টানা কর্মসূচির সংখ্যাই সেই ইঙ্গিত দিচ্ছে। ইতিমধ্যেই তাঁর নামে প্রায় ৩০টি কর্মসূচি নির্ধারিত হয়েছে। বঙ্গ বিজেপির চার্জশিট থেকে শুরু করে সংকল্পপত্র প্রকাশ-সব ক্ষেত্রেই দেখা গিয়েছে নরেন্দ্র মোদী (Narendra Modi)-র ঘনিষ্ঠ সহচর হিসেবে তাঁর সক্রিয় ভূমিকা। রাজনৈতিক মহলে এমনও আলোচনা, মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লড়তে শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)-কে প্রার্থী হওয়ার পরামর্শও তিনিই দিয়েছিলেন। শুধু পরামর্শেই থেমে থাকেননি, শুভেন্দুর মনোনয়ন জমা দেওয়ার সময়ও উপস্থিত ছিলেন তিনি। পাশাপাশি, বাংলায় দীর্ঘ সময় ধরে অবস্থান করে ভোট পরিচালনার ইঙ্গিতও দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।
সাম্প্রতিক সময়ে মমতা বন্দ্যোপাধ্যায় একাধিকবার অমিত শাহকে সরাসরি আক্রমণ করেছেন। সেই প্রেক্ষাপটে বিশ্লেষকদের মতে, লড়াই এখন আর শুধু শুভেন্দু অধিকারী বা সৌমিক ভট্টাচার্য-এর সঙ্গে তৃণমূল নেত্রীর নয়। বরং এই সংঘর্ষ ক্রমে সরাসরি মমতা বনাম অমিত শাহ দ্বন্দ্বে রূপ নিচ্ছে। শাহ নিজেই যেন সেই লড়াইয়ের দায়িত্ব নিজের কাঁধে তুলে নিচ্ছেন। তাঁর ধারাবাহিক কর্মসূচির পরিকল্পনাতেই যার স্পষ্ট প্রতিফলন দেখা যাচ্ছে।ভোটের আগে থেকেই বাংলায় জোরদার প্রচারে নেমেছে বিজেপি (BJP), আর নির্বাচনের তারিখ ঘোষণার পর সেই গতি আরও বেড়েছে। প্রথম দফার জন্য আপাতত যা ঠিক হয়েছে, তাতে নরেন্দ্র মোদী-র রয়েছে ১১টি কর্মসূচি, আর অমিত শাহ এগিয়ে ৩০টি নিয়ে। যোগী আদিত্যনাথ-এর রয়েছে ১১টি কর্মসূচি।
এছাড়াও একাধিক কেন্দ্রীয় ও রাজ্যের নেতাকে প্রচারে নামানো হয়েছে। নীতির নবীন-এর ১০টি, রাজনাথ সিংয়ের ৬টি, নীতিন গডকরি-র ২টি এবং জে পি নাড্ডা-র ৬টি কর্মসূচি রয়েছে।উত্তর-পূর্বের নেতাদের মধ্যেও সক্রিয়তা চোখে পড়ছে-মানিক সাহা-র ৯টি, হিমন্ত বিশ্ব শর্মা-র ৮টি এবং মোহন চরণ মাঝি-র ৬টি কর্মসূচি নির্ধারিত হয়েছে। রেখা গুপ্তা-র রয়েছে ৫টি কর্মসূচি।তারকা প্রচারকদেরও ময়দানে নামিয়েছে বিজেপি। কঙ্গনা রানাওয়াত-এর ৭টি এবং স্মৃতি ইরানি-র ১৩টি কর্মসূচি রয়েছে। বিপ্লব কুমার দেব-এর ৮টি, বাবুলাল মারান্ডির ৪টি এবং অর্জুন মুন্ডা-র ২ থেকে ৪টি কর্মসূচি নির্ধারিত হয়েছে। অন্যদিকে, হিমা মালিনী-র রয়েছে একটি কর্মসূচি। সব মিলিয়ে, জনসভা ও রোড শো ঘিরে প্রথম দফাতেই বাংলায় ৩৬০ ডিগ্রি প্রচারের ছক কষেছে বিজেপি, যা নির্বাচনী লড়াইকে আরও তীব্র করে তুলছে।


