কলকাতা: বিজেপির সঙ্গে হুমায়ুন কবিরের (Humayun Kabir) আঁতাত রয়েছে প্রমাণ করতে “১০০০ কোটি টাকা ডিলের” চাঞ্চল্যকর ভিডিও প্রকাশ করেছে তৃণমূল। শাসকদলের দাবী, আম জনতা উন্নয়ন পার্টির চিফ হুমায়ুন কবির ভোটের বাজারে সাম্প্রদায়িকতা ছড়াতে বিজেপির সঙ্গে ১ হাজার কোটি টাকার “ডিল” করেছেন। শুধু তাই নয়, ইতিমধ্যেই ৩০০ কোটি টাকা অ্যাডভান্সও নিয়ে নিয়েছেন। এই ঘটনা ভাইরাল হতেই হুমায়ুনের (Humayun Kabir) আম জনতা উন্নয়পন পার্টির সঙ্গে জোট ভেঙেছে আসাদউদ্দিন ওয়েইসির (Asaduddin Owaisi) মিম।
শুক্রবার সকালে সমাজমাধ্যমে পোস্ট করে একথা ঘোষণা করে AIMIM। আমজনতা উন্নয়ন পার্টির ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করে AIMIM দাবি করে, জনমনে আবেগকে কাজে লাগিয়ে বিভ্রান্তি তৈরি করার মতো অবস্থান তারা সমর্থন করে না। সেই কারণেই জোট থেকে সরে আসার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জোট ভাঙার পর গোড়াতেই এই বিষয়ে কিছু বলতে চাননি হুমায়ুন (Humayun Kabir)। সাংবাদিকরা তাঁকে প্রশ্ন করলে হুমায়ুন কবির (Humayun Kabir) বলেন, “ওদেরকে গিয়ে জিজ্ঞেস করুন”। এবার সেই মিমের বিরুদ্ধেই চাঞ্চল্যকর অভিযোগ আনলেন আম জনতা উন্নয়ন পার্টির চিফ।
কি অভিযোগ তুলেছেন হুমায়ুন?
শনিবার দুপুরে মুর্শিদাবাদের বেলডাঙায় সাংবাদিক বৈঠক ডাকেন হুমায়ুন কবির (Humayun Kabir) । সেখানে মিমের জোট ভাঙার প্রসঙ্গে তিনি বলেন,”আমার একটু বুঝেশুনে এগন উচিৎ ছিল।” এরপর পাল্টা “ডিল তত্ত্ব” দেন তিনি। হুমায়ুন কবির দাবী করেন, তৃণমূলের সঙ্গে আসাদউদ্দিন ওয়েইসির মিমের ২০ কোটি টাকার ‘ডিল’ হয়েছে।
Video Link: https://www.facebook.com/humayunkabir1963/videos/1502270157907864
হুমায়ুনের দাবী, মিমের (AIMIM) পশ্চিমবঙ্গের সভাপতি ইমরান সোলাঙ্কি এবং মুর্শিদাবাদের জেলা সভাপতি আসাদুল শেখের সঙ্গে জঙ্গিপুরের তৃণমূল সাংসদ খালিলুর রহমান এবং দলীয় প্রতিনিধিদের ২০ কোটি টাকার একটি ‘ডিল’ হয়েছিল, যার মধ্যে ইতিমধ্যেই ২ কোটি টাকা অগ্রিম দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, তাঁর ভাইরাল হওয়া ভিডিওটির সত্যতা যাচাই না করেই মিমের ওই নেতারা তৃণমূল নেতাদের কাছ থেকে টাকা নিয়ে তা ওয়েইসির কাছে পাঠান। হুমায়ুনের অভিযোগ, এই ঘটনার জেরেই শেষ পর্যন্ত জোট ভেঙে যায়।
কি বলল মিম?
অন্যদিকে হুমায়ুনের অভিযোগ সম্পূর্ণ খারিজ করে দিয়েছেন মিমের (AIMIM) মুর্শিদাবাদ জেলা সভাপতি আসাদুল। তিনি কটাক্ষ করে বলেন, “হুমায়ুন কবিরের মাথা কাজ করছে না। উনি ওই ভিডিও জতদিন পর্যন্ত ফেক প্রমাণ করতে পারছেন না, ততদিন মিম ওনার সঙ্গে থাকবে না”।


