কলকাতা: তৃণমূলের ফাঁস করা যে ভিডিও নিয়ে তোলপাড় ভোটমুখী পশ্চিমবঙ্গ, সেই ভাইরাল ভিডিও নিয়ে এবার উল্টো সুর হুমায়ুনের (Humayun Kabir) গলায়। সাংবাদিক বৈঠকে “বিজেপির সঙ্গে হুমায়ুনের ১ হাজার কোটি টাকার ডিল”-এর ভিডিও প্রকাশের পর থেকে বিজেপি-হুমায়ুনের বিরুদ্ধে আক্রমণের তেজ বাড়িয়েছে শাসকশিবির। গোড়ায় ওই ভিডিওকে ‘ভুয়ো’ এবং ‘এআই দ্বারা তৈরি” বলে দাবী করেছিলেন আম জনতা উন্নয়ন পার্টির চিফ হুমায়ুন কবির (Humayun Kabir) ।
এমনকি শনিবার জঙ্গিপুরের সভা থেকে নামোল্লেখ না করলেও হুমায়ুনের সুরে সুর মিলিয়ে তৃণমূলের প্রকাশিত ভিডিওকেই ইঙ্গিত করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভিডিও প্রকাশ্যে আসতেই ভোটের মুখে একের পর এক রাজনৈতিক ধাক্কা খেয়েছেন তিনি। প্রথমেই তাঁর সঙ্গে জোট ভঙ্গ করেছে আসাদউদ্দিনের মিম। তারপর শুক্রবার আম জনতা উন্নয়ন পার্টি থেকে পদত্যাগ করেন দলের পশ্চিমবঙ্গ শাখার সভাপতি খোবায়েব আমিন। এবার সেই ভাইরাল ভিডিও নিয়ে ফের মন্তব্য করলেন হুমায়ুন কবির (Humayun Kabir) । তবে এবারের বয়ান সম্পূর্ণ আলাদা।
কি বললেন হুমায়ুন?
শনিবার তৃণমূলের প্রকাশিত ভিডিওটি এআই নির্মিত নয়, কার্যত স্বীকার করে নিলেন হুমায়ুন কবির (Humayun Kabir) । তিনি বলেন, “ভিডিওতে শুধু আমাকে কথা বলতে দেখা যাচ্ছে। অপরদিকে একজন হিন্দিতে কথা বলছেন এবং আমিও তার উত্তর হিন্দিতেই দিচ্ছি। নরেন্দ্র মোদী বা অমিত শাহ বা কার সঙ্গে কথা বলছি সেটা তো দেখা যাচ্ছে না।” এরপর হুমায়ুন কবিওর বলেন, “আমার কাছে এর প্রমাণ হিসেবে প্রায় ৫৮ মিনিটের পুরো ফুটেজ রয়েছে। অথচ যেটি প্রকাশ করা হয়েছে সেটি মাত্র ১৯ মিনিট ১৪ সেকেন্ডের ক্লিপ। আমি পুরো ভিডিও সামনে আনব।”
মামলা করতে চলেছেন হুমায়ুন
ভোটের ময়দানে লড়ার আগেই আদালতে শাসকদলের সঙ্গে সম্ভবত লড়তে চলেছেন আম জনতা উন্নয়ন পার্টির চিফ হুমায়ুন কবির। অভিষেক বন্দ্যোপাধ্যায় ও নির্দিষ্ট কিছু ব্যক্তিকে জড়িয়ে ষড়যন্ত্রের অভিযোগও তুলেছেন তিনি। একইসঙ্গে তৃণমূল ও অন্যান্য রাজনৈতিক দলের বিরুদ্ধে প্রার্থীপদ প্রত্যাহার ও অর্থের বিনিময়ে প্রভাব খাটানোর অভিযোগ করেন। অতি সত্ত্বর হাইকোর্টে এই বিষয়ে মামলা করবেন বলে জানিয়েছেন তিনি।


