Aaj India Desk, কলকাতা: প্রশাসনিক মহলে চলছিল একের পর এক বদলির চাপানউতোর। এবার সেই চাপানউতোরের কেন্দ্রবিন্দুতে এলো কলকাতা পুলিশ। নির্বাচন কমিশন ( ECI)-এর নির্দেশে শনিবার লালবাজার থেকে কমিশনারের ১৮১ ও ১৮২ নম্বর অর্ডার জারি করে একাধিক ইন্সপেক্টর পদমর্যাদার অফিসারকে বদলি করা হয়েছে।
নতুন রদবদলে মূলত শহরের গুরুত্বপূর্ণ থানার ওসি বা ভারপ্রাপ্ত আধিকারিকদের সরিয়ে ডিটেকটিভ ডিপার্টমেন্ট (DD), এসটিএফ (STF) ও স্পেশাল ব্রাঞ্চের মতো বিভাগে পাঠানো হয়েছে। পার্ক স্ট্রিট থানার ওসি হীরক দলাপতি এবং বিজয়গঞ্জ বাজার থানার ওসি অংশুমান রায়কে লালবাজারের ডিটেকটিভ ডিপার্টমেন্টে বদলি করা হয়েছে। চেতলা থানার ওসি অমিতাভ সরকার এসটিএফ-এ পাঠানো হয়েছে।
অন্যদিকে, ১৮২ নম্বর অর্ডারের মাধ্যমে এই গুরুত্বপূর্ণ থানাগুলোতে নতুন আধিকারিক নিয়োগ করা হয়েছে। ডিডি থেকে নীলকান্ত রায় পার্ক স্ট্রিট থানার নতুন ওসি হয়েছেন। শ্যামপুকুর থানার অতিরিক্ত ওসি রাজ কুমার মিশ্র গড়িয়াহাট থানার দায়িত্ব পেয়েছেন। এন্টালি থানার অতিরিক্ত ওসি মনীশ সিং বিজয়গঞ্জ বাজার থানার দায়িত্বে যোগ দিয়েছেন। এসটিএফ থেকে মনোজ দত্তকে ফিরিয়ে চেতলা থানার নতুন ওসি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
প্রশাসনিক রদবদলে হেয়ার স্ট্রিট ও ঠাকুরপুকুর থানার ওসি পদেরও পরিবর্তন এসেছে। লোপসাং তশেরিং ভুটিয়া এবং রাজীব সাহুর মধ্যে পারস্পরিক বদলি করা হয়েছে। পাশাপাশি, ট্রাফিক বিভাগে কর্মরত প্রশান্ত মজুমদারের আগের বদলির নির্দেশ বাতিল করে তাঁকে বর্তমান পদেই বহাল রাখা হয়েছে।
উল্লেখযোগ্য, এই নতুন নির্দেশিকার মাধ্যমে ২৯ মার্চের ১৭৪ ও ১৭৫ নম্বর অর্ডারেও আংশিক পরিবর্তন ও সংশোধন আনা হয়েছে লালবাজারের পক্ষ থেকে।


