Aaj India Desk, পশ্চিম বর্ধমান: চিত্তরঞ্জন (Chittaranjan)-এ প্রাক্তন হকি খেলোয়াড় (Hockey Player) তথা রেলকর্মীকে (Railwayman) পিটিয়ে খুনের ঘটনায় চরম উত্তেজনা ছড়াল এলাকায়। গত ৮ মার্চ স্টেশন চকের কাছে সামান্য বিবাদ থেকেই শুরু হয়েছিল ঘটনা। অভিযোগ, সেই সময় কয়েকজন দুষ্কৃতী তাঁকে বেধড়ক মারধর করে। টানা ২২ দিন মৃত্যুর সঙ্গে লড়াইয়ের পর বুধবার দুর্গাপুরের একটি হাসপাতালে তাঁর মৃত্যু হয়। এই খবর ছড়িয়ে পড়তেই চিত্তরঞ্জনে ক্ষোভে ফেটে পড়েন স্থানীয়রা।
মৃতের নাম এরিক লাকড়া (৫০)। জানা গিয়েছে, তাঁর গাড়ির সঙ্গে একটি স্কুটির সামান্য সংঘর্ষের জেরেই ঝামেলার সূত্রপাত। এরপর বাইকে চেপে তিন দুষ্কৃতী তাঁকে তাড়া করে অফিসার্স ক্লাবের কাছে ঘিরে ধরে। সিসিটিভি ফুটেজে (যার সত্যতা স্বাধীনভাবে যাচাই করা হয়নি) দেখা গিয়েছে, হেলমেট ও লোহার রড দিয়ে এলোপাথাড়ি হামলা চালানো হচ্ছে তাঁর উপর। লাথি-ঘুষিতেও আক্রমণ করা হয়। জনবহুল এলাকায় এই নৃশংস দৃশ্য দেখে আতঙ্কিত হয়ে পড়েন পথচারীরা। পরে রক্তাক্ত অবস্থায় তাঁকে ফেলে রেখে পালিয়ে যায় অভিযুক্তরা। গুরুতর জখম অবস্থায় তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই বুধবার রাতে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তাঁর।
এরিকের মৃত্যুর পর ক্ষোভে ফেটে পড়েন পরিবারের সদস্যরা এবং অল ইন্ডিয়া রেলওয়ে এমপ্লয়িজ এসসি-এসটি অ্যাসোসিয়েশন (AISC/STREA)-এর সদস্যরা। দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে চিত্তরঞ্জনের ৩ নম্বর গেটের সামনে মৃতদেহ রেখে পথ অবরোধ করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় মোতায়েন করা হয় পুলিশ বাহিনী ও আরপিএফ। পরে চিত্তরঞ্জন থানার আইসি ইসমাইল আলির আশ্বাসে অবরোধ তুলে নেওয়া হয়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত হিসেবে আয়ুষ ভগত, রাজা খান এবং শুভম পাণ্ডেকে চিহ্নিত করা হয়েছে। ঘটনার পর থেকেই তারা পলাতক। এর আগে তাদের বিরুদ্ধে মারধরের মামলা দায়ের করা হলেও, এরিকের মৃত্যুর পর সেই মামলায় খুনের ধারা যুক্ত করা হয়েছে। বর্তমানে অভিযুক্তদের খোঁজে বিভিন্ন এলাকায় তল্লাশি চালাচ্ছে পুলিশ।
No fear of law! Former hockey player beaten to death in public
CrimeNews CCTVFootage HockeyPlayer BrutalAttack


