Aaj India Desk, নয়াদিল্লি: মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি নিয়ে ফের উদ্বেগ প্রকাশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। রবিবার ১৩২তম ‘মন কি বাত’ (Mann ki Baat) অনুষ্ঠানে তিনি এই প্রসঙ্গে বিস্তারিত বক্তব্য রাখেন। পাশাপাশি কোভিড (Covidj) পরিস্থিতির স্মৃতিও তুলে ধরেন এবং কঠিন সময়ে ঐক্যবদ্ধ হয়ে লড়াই করার আহ্বান জানান দেশবাসীকে। একইসঙ্গে তিনি স্পষ্ট করে দেন, আতঙ্কিত হওয়ার কোনও কারণ নেই।
প্রধানমন্ত্রী বলেন,”আমাদের পড়শি দেশে একমাস ধরে যুদ্ধ চলছে। এর ফলে একটি কঠিন পরিস্থিতি তৈরি হয়েছে। আমি আজ ‘মন কি বাত’ অনুষ্ঠানের মাধ্যমে দেশবাসীর কাছে আবেদন জানাচ্ছি – আমাদের একজোট হয়ে এই চ্যালেঞ্জের মোকাবিলা করতে হবে। এই বিষয় নিয়ে কেউ কেউ রাজনীতি করছেন, কিন্তু এমন কঠিন সময়ে রাজনীতি করা উচিত নয়। প্রতিকূল পরিস্থিতিকে কাজে লাগিয়ে রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা করা ঠিক নয়। আতঙ্ক ছড়িয়ে কেউ কেউ দেশের ক্ষতি করছেন।”
এই প্রেক্ষিতে তিনি কোভিড পরিস্থিতির কথাও স্মরণ করিয়ে দেন। পশ্চিম এশিয়ার চলমান যুদ্ধের প্রসঙ্গ টেনে প্রধানমন্ত্রী বলেন, “লক্ষ লক্ষ ভারতীয় পরিবারের সঙ্গে উপসাগরীয় দেশগুলির সম্পর্ক রয়েছে। কর্মসূত্রে প্রায় এক কোটিরও বেশি ভারতীয় পশ্চিম এশিয়ার বিভিন্ন দেশে বসবাস করছেন।” ভারতীয়দের নিরাপত্তা নিশ্চিত করার জন্য উপসাগরীয় দেশগুলির ভূমিকার প্রশংসা করে তাঁদের প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেন তিনি।
জ্বালানি সংকট নিয়েও উদ্বেগ প্রকাশ করে নরেন্দ্র মোদি (Narendra Modi) বলেন, “যুদ্ধবিধ্বস্ত মধ্যপ্রাচ্য ভারতের জ্বালানি চাহিদা পূরণের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র। এর ফলে বিশ্বজুড়ে তেলের সংকট দেখা দিচ্ছে। তবে ভারত এই চ্যালেঞ্জ মোকাবিলার চেষ্টা চালিয়ে যাচ্ছে।” তিনি আবারও দেশবাসীকে ঐক্যবদ্ধ থাকার বার্তা দেন।
প্রধানমন্ত্রী আরও বলেন, “এটি নিঃসন্দেহে একটি কঠিন সময়। এই পরিস্থিতি নিয়ে যারা রাজনীতি করছেন, তাঁদের তা থেকে বিরত থাকা উচিত। কারণ এটি ১৪০ কোটি মানুষের স্বার্থের সঙ্গে জড়িত। গুজব দেশকে বড় ক্ষতির দিকে ঠেলে দিতে পারে, তাই গুজব ছড়াবেন না। সকলকে সতর্ক থাকতে হবে।”
যুদ্ধ পরিস্থিতির পাশাপাশি ‘মন কি বাত’ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ‘জ্ঞান ভারতম অ্যাপ’-এর গুরুত্বও তুলে ধরেন। এই উদ্যোগের মাধ্যমে দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা প্রাচীন পাণ্ডুলিপি সংগ্রহ, নথিভুক্ত এবং সংরক্ষণের কাজ করা হচ্ছে। দেশবাসীর উদ্দেশে তাঁর আহ্বান, তাঁদের কাছে থাকা বা জানা কোনও পাণ্ডুলিপির ছবি বা তথ্য এই অ্যাপের মাধ্যমে আপলোড করা যেতে পারে। জমা পড়া প্রতিটি তথ্য যথাযথভাবে যাচাই করার পরই নথিভুক্ত করা হবে বলে জানিয়েছেন তিনি। ইতিমধ্যেই বহু মানুষ হাজার হাজার পাণ্ডুলিপির তথ্য শেয়ার করেছেন বলেও উল্লেখ করেন প্রধানমন্ত্রী।


