কলকাতা: স্বামীর দাবী মানা হলেও তাঁকে বিধানসভা ভোটে টিকিট দেয়নি বিজেপি। বিধানসভার প্রার্থী হতে চেয়ে বিজেপির দফতরে বায়োডেটা জমা দিয়ে সম্প্রতি চর্চায় ছিলেন দীলিপ ঘোষের (Dilip Ghosh) স্ত্রী রিঙ্কু মজুমদার (Rinku Majumdar)। তবে দ্বিতীয় তালিকা প্রকাশিত হলেও আসেনি তাঁর নাম। দীলিপ ঘোষের দাবী মেনে অবশ্য তাঁকে খড়গপুরের টিকিট দিয়েছে বিজেপি।
চাঞ্চল্যকরভাবে, শুক্রবার বিজেপির সল্টলেক কার্যালয়ের সামনে কর্মী-সমর্থকদের বিক্ষোভে সামিল হন দীলিপ ঘোষের পত্নী রিঙ্কু (Rinku Majumdar)। তিনি জানান, নিউটাউন বিধানসভা কেন্দ্রে পীযূষ কানোড়িয়াকে প্রার্থী করা নিয়ে অসন্তোষ জানাতে গিয়েছিলেন তিনি। রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের সঙ্গে কথাও বলতে চেয়েছিলেন। তবে তিনি সাংবাদিক বৈঠকে ব্যস্ত থাকায় ‘বিরক্ত’ করেননি, বলেন রিঙ্কু। সেইসঙ্গে তিনি ভলেন, কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে কথা হয়েছে।
তবে কি ক্ষোভে দল বদলাবেন রিঙ্কু?
প্রার্থী অপছন্দ বা টিকিট না মিললেও দল বদল করার কোনও পরিকল্পনাই নেই বলে সাফ জানালেন দীলিপ-পত্নী রিঙ্কু (Rinku Majumdar)। তিনি বলেন, “দল কেন পাল্টাবো? প্রয়োজনে নিজেকেই পাল্টে ফেলবো। কিন্তু আমি আত্মসম্মান নিয়ে থাকতে ভালোবাসি।” অভিভাবক পাল্টানো যায়, বলে মন্তব্য করেন তিনি।
“…বরদাস্ত করব না”, বলেন শমীক
প্রসঙ্গত, বৃহস্পতিবার বিজেপির দ্বিতীয় তালিকা প্রকাশের পর জেলায় জেলায় প্রার্থী নিয়ে বিজেপির কর্মী সমর্থকদের অসন্তোষ উঠে এসেছে। শুক্রবার সেই ঢেউ আছড়ে পড়ে কলকাতার সল্টলেকের বিজেপি কার্যালয়ের সামনে। বিক্ষোভরত বিজেপি কর্মীদের বোঝানোর চেষ্টা করেন দলের রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। যদিও তাঁকে বলতে শোনা যায়, একটা সময় পর্যন্ত বরদাস্ত করব, তারপর আর করব না। নির্বাচন নিয়ে দলের কথাই চূড়ান্ত বলে সাফ জানান শমীক ভট্টাচার্য।


