20 C
Kolkata
Saturday, March 21, 2026
spot_img

সাবধান যাত্রী! কলকাতা মেট্রোয় নিষিদ্ধ তালিকা বেড়েছে, ভাঙলেই শাস্তি

পূরবী প্রামাণিক, কলকাতা: মোটাসোটা ব্যাগ নিয়ে মেট্রোয় উঠছেন? সাবধান! অনেক সময় অজান্তেই এমন কিছু জিনিস ব্যাগে থেকে যায়, যা নিয়ে মেট্রোতে (Kolkata Metro)-এ যাতায়াত সম্পূর্ণ নিষিদ্ধ। অথচ বিষয়টি না জানার কারণেই প্রতিদিন সমস্যায় পড়ছেন বহু যাত্রী। এবার সেইমস্ত নিষিদ্ধ জিনিসের তালিকা টাঙিয়ে দিল মেট্রো রেল যা নিয়ে আপনি সফর করতেই পারবেন না।

মেট্রো (Kolkata Metro) কর্তৃপক্ষের দাবি, অনেক যাত্রীই স্ক্যানিংয়ের সময় ব্যাগ চেক করাতে অনীহা দেখান। বিশেষ করে নির্মাণ শ্রমিকদের মধ্যে কেউ কেউ ছেনি, হাতুড়ি ইত্যাদি সরঞ্জাম নিয়ে যাতায়াত করতে চান, কিন্তু তা পরীক্ষা করাতে চান না। এর জেরে মাঝেমধ্যেই নিরাপত্তারক্ষীদের সঙ্গে তর্ক-বিতর্কের পরিস্থিতি তৈরি হয়। শুধু তাই নয়, আরও নানা ধরনের নিষিদ্ধ সামগ্রী নিয়েও সমস্যার সৃষ্টি হচ্ছে।

এই পরিস্থিতি সামাল দিতে এবং যাত্রীদের সচেতন করতে এবার প্রতিটি স্টেশনে স্পষ্টভাবে নিষিদ্ধ জিনিসের তালিকা টাঙানো হয়েছে। যাতে আগে থেকেই নিয়ম জেনে নিয়ে অপ্রয়োজনীয় ঝামেলা এড়াতে পারেন যাত্রীরা।

মেট্রো সূত্রে জানানো হয়েছে, কাঁচা মাছ বা মাংস, মদ্যপ পানীয় এবং সিল না করা চারাগাছ বহন করা সম্পূর্ণ নিষিদ্ধ। পাশাপাশি, তরবারি, মাংস কাটার ছুরি কিংবা ৪ সেন্টিমিটারের বেশি লম্বা ফলার ছুরি ও কাঁচি নিয়েও মেট্রোয় ওঠা যাবে না।

বিস্ফোরক বহন নিষিদ্ধ – এটা স্বাভাবিক নিয়ম হলেও, এ ক্ষেত্রে নির্দিষ্টভাবে ডিনামাইট, বাজি, গ্রেনেড এবং প্লাস্টিক বিস্ফোরককে তালিকাভুক্ত করা হয়েছে। এর পাশাপাশি কুঠার, শাবল, হাতুড়ি, কাটারি, করাত, স্ক্রু-ড্রাইভারের মতো যন্ত্রপাতিও নিষিদ্ধ তালিকার মধ্যে পড়ছে।

এছাড়াও পেট্রোল, যে কোনও দাহ্য তরল এবং বড় আকারের ব্যাটারি নিয়েও মেট্রো (Kolkata Metro) পরিষেবায় ওঠা যাবে না। ফলে এই ধরনের জিনিস ব্যাগে থাকলে আগেই সতর্ক থাকা জরুরি।

এছাড়া আরো কিছু জিনিস রয়েছে যেগুলিকে নিষিদ্ধের তালিকায় রাখা হয়েছে। যেমন তেজস্ক্রিয় পদার্থ, অ্যাসিড সহ বিভিন্ন বিপজ্জনক রাসায়নিক বহন করাও সম্পূর্ণ নিষিদ্ধ। শুধু তাই নয়, মৃতদেহ, কঙ্কাল, মানুষের শরীরের অংশ কিংবা মৃত প্রাণীর দেহাবশেষ নিয়েও মেট্রোয় যাতায়াত করা যাবে না বলে জানানো হয়েছে মেট্রো পরিষেবার তরফ থেকে। একইসঙ্গে সিলবিহীন উদ্ভিদ, চারাগাছ, কাঁচা মাছ বা মাংস বহনেও নিষেধাজ্ঞা জারি রয়েছে।

নিয়ম ভাঙলে বড় অঙ্কের জরিমানা তো থাকছেই, গুরুতর ক্ষেত্রে কারাদণ্ডও হতে পারে বলে সতর্ক করেছে মেট্রো কর্তৃপক্ষ। এদিকে, নিয়ম নিয়ে প্রশ্ন তুলেছেন অনেক নিত্যযাত্রী। তাঁদের একাংশের দাবি, চারাগাছের মতো ক্ষতিহীন জিনিস বহনেও কেন বিধিনিষেধ জারি করা হয়েছে ? তবে মেট্রোর বার্তা স্পষ্ট – নিরাপত্তার স্বার্থে নিয়ম মেনে চলাই একমাত্র উপায়।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন