কলকাতা: গত ২৫ ফেব্রুয়ারি অভয়ার (Abhaya) কেন্দ্র পানিহাটি থেকেই বিজেপির (BJP) গৃহ সম্পর্ক অভিযান শুরু করেছিলেন সুকান্ত মজুমদার। তিনি বলেছিলেন, “আসন্ন বিধানসভা নির্বাচনে তৃণমূলকে যোগ্য জবাব দেবে এই কেন্দ্র!” ছাব্বিশের ভোটে অভয়ার মা-কে টিকিট দিতে পারে বিজেপি এমন জল্পনা চলছিলই। এবার বিজেপির দ্বিতীয় দফার তালিকা প্রকাশের আগে শুরু হয়েছে গুঞ্জন।
পানিহাটিতে অভয়ার (Abhaya) মা-কে প্রার্থী করতে চলেছে বিজেপি। আর জি কর কান্ডে মৃত চিকিৎসকের মা জানান, “দল আমাকে আগেও অনেকবার বলেছে। কিন্তু আমি রাজি হইনি। তবে বাংলার মেয়েদের সুরক্ষা, আমার মেয়ের বিচার নিশ্চিত করতে আমি এই সিদ্ধান্ত নিয়েছি।” জল্পনা, বিজেপির কাছে মনোনয়ন জমা দিতে চলেছেন অভয়ার মা।
বিরোধী দলের সঙ্গে ভালোই যোগাযোগ
বলা বাহুল্য, আর জি কর হাসপাতালে চিকিৎসক তরুণী গণধর্ষণ হত্যাকান্ডের পর অভয়ার পরিবারের পাশে থেকে শাসকদলকে আক্রমণ করে আসছে বিজেপি। রাজ্যে নারী সুরক্ষার বেহাল দশা নিয়েও সুর চড়িয়েছে তাঁরা। শুধু তাই নয়, কন্যা সন্তানকে হারানোর পর থেকে শুভেন্দু অধিকারী, অর্জুন সিং-এর মত নেতাদের অভয়ার (Abhaya) পরিবারের পাশে দেখা গিয়েছে।
যদিও, জল্পনা বহুদিন ধরে থাকলেও, রাজনীতির সঙ্গে তাঁদের কোনও যোগ নেই বলে দাবী করে আসছিল অভয়ার পরিবার। তবে অভয়ার আবেগকে তুরুপের তাস করে ময়দানে নামতে চলেছে বিজেপি (BJP), বলে মনে করছে বিশেষজ্ঞদের একাংশ। পানিহাটির ঘরের মেয়ে হারানোর মত যন্ত্রণাকে অস্ত্র করে কতটা লাভবান হপবে বিজেপি? তার উত্তর ফলাফলের দিনই জানা যাবে।


