কলকাতা: নির্ঘণ্ট প্রকাশের পর ভোটমুখী রাজ্যে শীর্ষস্থানীয় পুলিশকর্তাদের রদবদল আম বাত। তবে ভোটের সময়সূচী (West Bengal Assembly Election 2026) ঘোষণার রাতেই রাজ্যের মুখ্যসচিব এবং স্বরাষ্ট্রসচিবের বদলি নিয়ে সুর চড়িয়েছে শাসকদল। সোমবার ডোরিনা ক্রসিং-এর সভামঞ্চ থেকে তোপ দেগেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।
তিনি বলেন, ““মধ্যরাতে ছুপা রুস্তমের মোট গুপ্ততাণ্ডব করছে! এটা সুয়োমোটো! মগের মুলুক?” মমতার পাশাপাশি তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ কটাক্ষ করে বলেন, “রাজ্যপাল, মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব, ডিজি, সিপি সবাইকে সরাতে পারবেন। কিন্তু বাংলার মানুষের মন থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে সরাতে পারবেন না”। শুধু তাই নয়, সোমবার রাতে অসন্তোষ জানিয়ে জ্ঞানেশ কুমারকে চিঠি দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
অব্যাহত বদলির পালা
এদিকে, ভোটমুখী রাজ্যে (West Bengal Assembly Election 2026) পুলিশ কর্তাদের বদলির পালা অব্যাহত। রবি, সোমের পর মঙ্গলবার এক ধাক্কায় রাজ্যের এক ডজন পুলিশ সুপারের বদলি করল নির্বাচন কমিশন। সেইসঙ্গে কলকাতার ডিসি (সেন্ট্রাল) ইন্দিরা মুখোপাধ্যায়কেও সরানো হল। তাঁর জায়গায় এলেন ইয়েলওয়াড় শ্রীকান্ত জগন্নাথরাও।
জানা গিয়েছে, এদিন, বীরভূম, ডায়মন্ড হারবার, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, কোচবিহার, মালদহের পুলিশ সুপারদের বদলি হয়েছে। বদলি করা হয়েছে মুর্শিদাবাদ পুলিশ জেলার এসপি ধৃতিমান সরকারকে। বেলডাঙার অশান্তির পর ধৃতিমানকে আনা হয়েছিল।
এছাড়াও আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটে নতুন কমিশনার হিসেবে দায়িত্ব পেলেন প্রণব কুমার। হাওড়া পুলিশ কমিশনারেটের নতুন এসপি হলেন অখিলেশ চতুর্বেদী। পাশাপাশি ব্যারাকপুর ও চন্দননগর পুলিশ কমিশনারেটে যথাক্রমে এসপি পদে নিযুক্ত হয়েছেন অমিতকুমার সিংহ এবং সুশীলকুমার যাদব।


