কলকাতা: ভোটের আগে নরেন্দ্র মোদীর ব্রিগেডের (Brigade) আগে কলকাতায় ব্যাপক উত্তেজনা ছড়ায়। গিরীশ পার্ক এলাকায় তৃণমূল-বিজেপি সংঘর্ষে ধুন্ধুমার বেঁধে যায়। পরিস্থিতি সামাল দিতে গিয়ে আহত হন বৌবাজার থানার ওসি। রাজ্যের মন্ত্রী তথা শ্যামপুকুরের বিধায়িকা শশী পাঁজা (Shashi Panja) দাবী করেন, এদিন তাঁদের দলের কর্মীরা এলাকায় “বয়কট বিজেপি” ফ্লেক্স লাগাচ্ছিলেন। ওই সময় গিরীশ পার্কের কাছে মোদীর ব্রিগেড সভায় যাচ্ছিলেন বিজেপির কর্মী সমর্থকরা।
অভিযোগ, তৃণমূলের কর্মীদের দলেক্স লাগাতে দেখে বাস থেকে নেমে তাঁদের ওপর চড়াও হয় ব্রিগেড-গামী বিজেপি কর্মী সমর্থক। হামলা করা হয় শশী পাঁজার (Shashi Panja) বাড়িতেও। ঘটনায় আহত হয়েছেন বলে দাবী করেছেন শশী পাঁজা। অন্যদিকে, বিজেপির কর্মী সমর্থকদের পাল্টা অভিযোগ, তাঁরা ব্রিগেডে যাচ্ছেন বলে তৃণমূলের লোকজন তাঁদের ওপর চড়াও হয়ে মারধোর করেছে। এই ঘটনা নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানালেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)।
এক্সের পোস্টে তৃণমূলকে বিশে তিনি লেখেন, “আজ ব্রিগেড প্যারেড ময়দানে ভারতীয় জনতা পার্টির ঐতিহাসিক ‘পরিবর্তন সংকল্প সভা’য় জনসমুদ্র দেখে রাজ্যের ব্যর্থ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসের বেহায়া ও নির্লজ্জ নেতৃত্ব যে কতটা আতঙ্কিত হয়ে পড়েছেন, তারই স্পষ্ট প্রমাণ মিলল উত্তর কলকাতার গিরীশ পার্ক এলাকায় ঘটে যাওয়া এই বর্বরোচিত আক্রমণের ঘটনায়।”
X Link: https://x.com/DrSukantaBJP/status/2032807479311217133
তাঁর দাবী, বিজেপির কর্মী সমর্থকদের উপর যারা হামলা চালিয়েছে, তাঁদের কয়েকজনের নাম জানতে পেরেছেন তাঁরা। উপযুক্ত সময় এলে আক্রমণকারীদের উচিৎ শিক্ষা দেওয়া হবে বলে তোপ দাগেন সুকান্ত (Sukanta Majumdar)। তিনি লেখেন, “আক্রমণকারীদের কয়েকটি নাম ইতিমধ্যেই আমাদের নজরে এসেছে — শক্তি সিং, রবি ওঝা, সুনন্দা সরকার, মোঃ মজিদ, জসমুদ্দিন এবং রাজেশ সিনহা। দুর্বৃত্ত তৃণমূলের এই গুণ্ডামি ইঞ্চিতে ইঞ্চিতে আমরা স্মরণে রাখছি। উপযুক্ত সময়ে এর প্রতিটির হিসেব হবে। পশ্চিমবঙ্গে বিজেপির প্রতিটি কার্যকর্তার উপর হওয়া প্রতিটি হামলার উপযুক্ত জবাব অবশ্যই দেওয়া হবে”।
মোদীর সভা শেষ হতেই সাংবাদিক বৈঠকে ক্ষোভ উগড়ে দেন শশী পাঁজা
এদিন সাংবাদিক বৈঠকে শশী পাঁজা (Shashi Panja) বলেন, “এটা ব্রিগেড নয়। বি-গ্রেড র্যালি। গতকাল রাত থেকে বিহার, উত্তরপ্রদেশ থেকে বিজেপি পোষিত গুন্ডারা শহরে ঢুকেছে। মদ্যপান করে শহরে ঘোরাফেরা করেছে। আজ তাঁর বাড়ির সামনে অশান্তি করেছে। ভাঙচুর করেছে”। প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে শশী পাঁজার (Shashi Panja) আক্রমণ, “হিংসা করে, খুন করে বাংলা দখল করবেন?” ব্রিগেডের জনসভা ভরার জন্য বিহার, উত্তরপ্রদেশ থেকে “গুন্ডা ভাড়া করে এনেছে বিজেপি” বলেও দাবী করেন শশী পাঁজা। ভোটের আগে পুলিশের উপস্থিতই সত্ত্বেও ব্রিগেডের সভার আগে এই ধরণের ঘটনা কলকাতার ইতিহাসে আগে কবে ঘটেছে মনে করতে পারছেন না রাজনৈতিক বিশেষজ্ঞরা।
তবে, খাস কলকাতায় যদি এই পরিস্থিতি হয়, তাহলে ভোটের সময় রাজ্যের সংবেদনশীল এলাকাগুলতে কি পরিস্থিতি হতে পারে, অশনি সংকেত দেখছেন বিশেষজ্ঞরা।


