দুবাই: একটুর জন্য প্রাণে বাঁচলেন এক ভারতীয় নাগরিক! প্রায় ১২ দিন ধরে জ্বলছে মধ্যপ্রাচ্য (Iran-Israel war)। ইরান সহ মধ্যপ্রাচ্যের একাধিক দেশে এখনও আটকে রয়েছেন বহু ভারতীয়। বিমান চলাচল ব্যাহত হয়ে পড়ায় প্রাণের ঝুঁকি নিয়ে দেশে ফেরার অপেক্ষায় প্রহর গুনছেন ভারতীয়রা। এই আবহে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরের (Dubai) সন্নিকটে ভয়াবহ ড্রোন বিস্ফোরণের (Drone Attack) খবর পাওয়া গিয়েছে।
ঘটনায় প্রায় ৪ জন আহত হয়েছে বলে জানা গিয়েছে। যাঁদের মধ্যে একজন ভারতীয়। একটুর জন্য প্রাণে বেঁচে গিয়েছেন তাঁরা। বাকি ৩ জনের মধ্যে ২ জন ঘানার ও একজন বাংলাদেশী নাগরিক বলে জানা গিয়েছে। যদিও এই বিস্ফোরণের (Drone Attack) প্রভাবে বিমান চলাচল এবং এয়ার ট্রাফিকে কোনও ব্যাঘাত ঘটেনি বলে দাবী করেছে দুবাই (Dubai) প্রশাসন।
বুধবার সংযুক্ত আরব আমিরাতের বিমান প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে যে তারা ইরানের ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হুমকির জবাব দিচ্ছে, প্রতিরক্ষা মন্ত্রণালয় নিশ্চিত করেছে যে দেশের বিভিন্ন স্থান বিস্ফোরণের আওয়াজ পাওয়া যাচ্ছে সেগুলি সব প্রতিরক্ষা অভিযানের অংশ। “সংযুক্ত আরব আমিরাতের বিমান প্রতিরক্ষা বাহিনী বর্তমানে ইরানের ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হুমকির জবাব দিচ্ছে। এমওডি দাবি করেছে যে শোনা যাওয়া শব্দগুলি বিমান প্রতিরক্ষা ব্যবস্থার ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলার বাধাদানের ফলাফল (Iran-Israel war)।
উল্লেখ্য, সম্প্রতি ছেলে ইউভানকে নিয়ে দুবাইতে (Dubai) আটকে পড়েছিলেন অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি। দুবাই বিমানবন্দরে ভয়াবক অভিজ্ঞতার কথা সমাজমাধ্যমে তুলে ধরছিলেন ব্যাডমিন্টন খেলোয়াড় পিভি সিন্ধু। দুবাই বিমানবন্দরের কাছে বিস্ফোরণে একটুর জন্য তাঁর কোচ প্রাণে বেঁচে গিয়েছেন বলে জানিয়েছিলেন সিন্ধু। আটকে পড়েছিলেন বলিউড অভিনেত্রী সোনাল চৌহান।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ট্যাগ করে তিনি লিখেছিলেন, “মাননীয় প্রধানমন্ত্রী চলমান সংকটের মধ্যে আমি বর্তমানে দুবাইয়ে আটকে রয়েছি। সব ফ্লাইট বাতিল হয়েছে এবং ভারতে ফেরার কোনও স্পষ্ট উপায় নেই। নিরাপদে দেশে ফিরতে সরকারের দিকনির্দেশ ও সহায়তা প্রার্থনা করছি। ভারত সরকারের যে কোনও সহায়তার জন্য আমি কৃতজ্ঞ থাকব”। ছেলেকে নিয়ে গত ৬ মার্চ সুস্থভাবেই দেশে ফেরেন শুভশ্রী।


