Aaj India Desk, হুগলি : বিধানসভা নির্বাচনের আগে রাজনৈতিক দলগুলোর মধ্যে চলছে নানান তর্ক বিতর্ক। এবার সেই উত্তপ্ত পরিস্থিতির মাঝেই এক বিজেপি (BJP) কর্মী টাকা প্রতারণার অভিযোগ করলেন বিজেপিরই বিধায়কের বিরুদ্ধে।
অভিযোগকারী সুশান্ত সরকারের দাবি, ২০২০ সালে তাঁর কাছ থেকে তিন লক্ষ টাকা ধার নিয়েছিলেন পুরশুড়ার বিজেপি বিধায়ক বিমান ঘোষ। কিন্তু গত ছয় বছরেও সেই টাকা ফেরত দেওয়া হয়নি। বিষয়টি প্রতারণা বলে অভিযোগ করে তিনি পুরশুড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। সুশান্ত সরকার জানান, তিনি নিজে বিজেপির (BJP) সমর্থক এবং আরএসএসের কর্মী। তিনি আরও অভিযোগ করেন, বিধায়ক বিমান ঘোষ দুর্নীতিগ্রস্ত এবং দলের কাছে আবেদন জানান যাতে আসন্ন বিধানসভা নির্বাচনে তাঁকে টিকিট না দেওয়া হয়। তাঁর কথায়, “তিনি আমাকে প্রতারণা করেছেন। এই লোক বিধায়ক হলে এলাকার মানুষের ক্ষতি হবে।”
অন্যদিকে, সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন পুরশুড়ার বিজেপি (BJP) বিধায়ক বিমান ঘোষ। তাঁর দাবি, এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যা এবং তৃণমূল কংগ্রেসের মদতে করা হয়েছে। তিনি বলেন, অভিযোগকারীর বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করেছেন এবং আইনজীবীর মাধ্যমে নোটিস পাঠানো হচ্ছে।
তবে এই ঘটনায় তৃণমূল নেতা পার্থ হাজরাও বিজেপি বিধায়কের বিরুদ্ধে কটাক্ষ করেছেন। তাঁর দাবি, অনেকের কাছ থেকে টিকিট দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে টাকা নেওয়ার অভিযোগ রয়েছে বিমান ঘোষের বিরুদ্ধে। তিনি বলেন, “এবার মানুষই তাঁকে প্রত্যাখ্যান করবে।” পুরশুড়া থানার পক্ষ থেকে জানানো হয়েছে, এই বিষয়ে লিখিত অভিযোগ জমা পড়েছে। এবার আইনি প্রক্রিয়া মেনেই বিষয়টি তদন্ত করা হবে।
উল্লেখ্য, অভিযোগকারী সুশান্ত সরকার পরিচয়ে অসীমানন্দ মহারাজের ভাই। ২০০৭ সালে সংঘটিত সমঝোতা এক্সপ্রেস ও মক্কা মসজিদ বিস্ফোরণ মামলায় একাধিকবার তাঁর নাম উঠে এসেছিল। পাশাপাশি ২০০০ এর দশকে ভারতে “গেরুয়া সন্ত্রাসের” বেশ কয়েকটি মামলায় অভিযুক্ত ছিলেন তিনি।
ভোটের মুখে বিজেপির অন্দরের এই অভিযোগকে ঘিরে পুরশুড়ার রাজনীতিতে নতুন করে চর্চা শুরু হয়েছে। এক বিজেপি কর্মীরই দলের বিধায়কের বিরুদ্ধে টাকা প্রতারণার অভিযোগ সামনে আসায় ঘটনাটি রাজনৈতিক মহলে বিশেষ গুরুত্ব পাচ্ছে। যদিও অভিযোগ ও পাল্টা অভিযোগের মাঝে এখন নজর পুলিশের তদন্তের দিকেই।


