Aaj India Desk, জলপাইগুড়ি: জলপাইগুড়ি (Jalpaiguri) জেলার ধূপগুড়ি শহরে এক অজ্ঞাতপরিচয় ব্যক্তির দেহ উদ্ধারকে ঘিরে শুক্রবার সকালে চাঞ্চল্য ছড়ায়।
পরিত্যক্ত বুথেই মিলল দেহ
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, জলপাইগুড়ির (Jalpaiguri) ধূপগুড়ি শহরের কুমলাই সেতু সংলগ্ন পৌর বাস টার্মিনাস এলাকার ট্রাফিক গার্ডের একটি অ্যাসিস্ট্যান্ট বুথ দীর্ঘদিন ধরেই বন্ধ অবস্থায় পড়ে ছিল। শুক্রবার সকালে স্থানীয় বাসিন্দারা বুথের ভেতরে একজন ব্যক্তিকে অচৈতন্য অবস্থায় পড়ে থাকতে দেখেন। এরপরই ট্রাফিক কর্মী ও পুলিশকে খবর দেওয়া হয়।
খবর পেয়ে ধূপগুড়ি ট্রাফিক গার্ডের ওসি সহ পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ওই ব্যক্তিকে উদ্ধার করে ধূপগুড়ি মহকুমা হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।
স্থানীয়দের দাবি, মৃত ব্যক্তি ভবঘুরে ছিলেন এবং এলাকায় প্লাস্টিক কুড়োনোর কাজ করতেন। রাতে তিনি ওই পরিত্যক্ত ট্রাফিক বুথেই আশ্রয় নিতেন বলেও জানা গিয়েছে। তবে তিনি ঠিক কবে থেকে সেখানে ছিলেন বা কীভাবে তাঁর মৃত্যু হয়েছে, তা এখনও স্পষ্ট নয়।
পুলিশি নজরদারি নিয়ে প্রশ্ন
এই ঘটনাকে ঘিরে স্থানীয়দের একাংশ ট্রাফিক পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন। তাদের দাবি, দীর্ঘদিন বন্ধ থাকা বুথটি রাতে কেন খোলা ছিল বা সেখানে নজরদারি ছিল না কেন, তা খতিয়ে দেখা প্রয়োজন।
জলপাইগুড়ি (Jalpaiguri) পুলিশ সূত্রে জানা গিয়েছে, প্রাথমিকভাবে এটি একটি অস্বাভাবিক মৃত্যুর ঘটনা বলেই মনে করা হচ্ছে। মৃত ব্যক্তির পরিচয় জানার চেষ্টা চলছে। পাশাপাশি দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলেই মৃত্যুর সঠিক কারণ সম্পর্কে স্পষ্ট হওয়া যাবে বলে জানিয়েছে পুলিশ।


